নিউজ পোল ব্যুরো: আবারও রক্তাক্ত সংঘর্ষের খবরে শিরোনামে উঠে এল পাকিস্তানের (Pakistan) অশান্ত প্রদেশ বালুচিস্তান (Balochistan)। শুক্রবার গভীর রাত থেকে প্রদেশের অন্তত ১২টি এলাকায় একযোগে হামলা চালিয়েছে বালুচ বিদ্রোহীরা বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এই লাগাতার হামলা ও পাল্টা অভিযানে এখনও পর্যন্ত প্রায় ৭০ জন বালুচ বিদ্রোহী এবং ১০ জন নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: Nabanna:নির্বাচনের মুখে রাজ্য পুলিশের রদবদল ঝড়, মুর্শিদাবাদে নতুন এসপি
প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার রাতের অন্ধকারে শুরু হয় এই সমন্বিত হামলা। বিদ্রোহীদের একাংশ নিরাপত্তা বাহিনী ও পুলিশের একাধিক ঘাঁটিকে লক্ষ্য করে আক্রমণ চালায়, পাশাপাশি কয়েকটি জায়গায় সাধারণ মানুষও হামলার শিকার হন। আচমকা এই হামলায় গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনী দ্রুত পাল্টা অভিযান শুরু করে। এরপরই বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র সংঘর্ষ শুরু হয়, যা দীর্ঘ সময় ধরে চলে।
সংঘর্ষে বিপুল সংখ্যক বিদ্রোহী নিহত হয়েছে বলে দাবি করা হলেও, সরকারি সূত্রে এখনও বিস্তারিত হিসাব যাচাই করা হচ্ছে। একই সঙ্গে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন নিরাপত্তারক্ষী, যা পরিস্থিতির ভয়াবহতাকেই তুলে ধরছে।
এই প্রসঙ্গে বালুচিস্তান (Balochistan) প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ জানান, কোয়েটা, গ্বাদর, মাকরান, হাব, চমন, নাসিরাবাদ ও নুশকি-সহ একাধিক এলাকা থেকে হামলার খবর এসেছে। তিনি বলেন, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বর্তমানে গোটা প্রদেশজুড়ে (Balochistan) সতর্কতা বাড়ানো হয়েছে এবং নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
