নিউজ পোল ব্যুরো: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পর এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) বিরুদ্ধে সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । সোমবার নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনের (Election Commission) ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকের পর ক্ষোভ উগরে দেন তিনি। মমতার অভিযোগ, বৈঠকে তাঁদের সঙ্গে চরম অসম্মানজনক আচরণ করা হয়েছে। সেই কারণেই বৈঠক মাঝপথে বয়কট করে তাঁরা বেরিয়ে আসেন।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেন মমতা (Mamata Banerjee)। তাঁর সঙ্গে ছিলেন মৃত তিনজন বিএলও-র পরিবারের সদস্য এবং এসআইআর প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবার। প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক চলার পর বাইরে বেরিয়ে এসে নির্বাচন কমিশন, বিশেষ করে মুখ্য নির্বাচন কমিশনারকে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বৈঠকে তিনি জ্ঞানেশ কুমারকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বিজেপির চাপের কাছে মাথা নত করে কাজ করছেন তিনি। এমনকি তাঁর পরিণতি বাংলার প্রাক্তন রাজ্যপাল ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের মতো হতে পারে বলেও সতর্ক করেন। মুখ্য নির্বাচন কমিশনারকে ‘মিথ্যাবাদী’ আখ্যা দিয়ে মমতার অভিযোগ, ইচ্ছাকৃতভাবে তাঁদের অপমান করা হয়েছে। তাঁর কথায়, “ওঁর কথাবার্তায় এমন ভাব ছিল, যেন উনি জমিদার আর আমরা চাকর।”
মমতা আরও বলেন, তিনি বহু নির্বাচন কমিশনার দেখেছেন, কিন্তু এমন আচরণ আগে কখনও দেখেননি। জ্ঞানেশ কুমারকে বিজেপির ‘তোতাপাখি’ বলেও কটাক্ষ করেন তিনি। পাশাপাশি ফের সীমা খান্নার প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, সীমা খান্না নির্বাচন কমিশনের কেউ নন, বিজেপির আইটি সেলের সঙ্গে যুক্ত এবং তাঁর হাত ধরেই ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে।
তবে কমিশনের বিরুদ্ধে এত অভিযোগ সত্ত্বেও নির্বাচন বয়কটের পথে হাঁটবে না তৃণমূল, তা স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ বক্তব্য, “ভোট বয়কট করা আমাদের পথ নয়। আমরা লড়াই করেই অধিকার আদায় করব।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
