Kidney Problem: দৈনন্দিন এই অভ্যাসই ডেকে আনছে ইউটিআই থেকে কিডনির মারাত্মক সমস্যা, সতর্ক করছেন চিকিৎসকেরা

লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: কাজের চাপে দিনের পর দিন নিজের শরীরের স্বাভাবিক চাহিদাকে উপেক্ষা করছেন অনেকেই। অফিসের ডেস্কে টানা বসে থাকা হোক বা রান্নাঘরে ব্যস্ততা—অনেক সময়ই মনে হয়, “এই কাজটা শেষ করেই যাচ্ছি।” কিন্তু সেই ‘যাওয়া’ আর হয়ে ওঠে না। চিকিৎসকদের মতে, এই সামান্য অবহেলাই ভবিষ্যতে ডেকে আনতে পারে গুরুতর স্বাস্থ্যঝুঁকি। কিডনির সমস্যায় (Kidney Problem) ভুগতে হতে পারে।

আরও পড়ুন:Election Commission of India: SIR কার্যক্রমে বাধা! কমিশন রাজ্যকে পারিশ্রমিক মিটিয়ে দেওয়ার চিঠি পাঠাল তৃতীয়বার

বিশেষ করে প্রস্রাব চেপে রাখার অভ্যাস বর্তমানে শহর ও গ্রাম—দু’জায়গাতেই ভয়াবহ হারে বাড়ছে। অনেকে আবার কম জল পান করার ফলেও প্রস্রাবের বেগ কম অনুভব করেন। অথচ মানবদেহের মূত্রথলি বা ব্লাডারের একটি নির্দিষ্ট ধারণক্ষমতা রয়েছে। দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখলে সেই ক্ষমতার উপর অতিরিক্ত চাপ পড়ে এবং ধীরে ধীরে একাধিক জটিলতা তৈরি হয়।
চিকিৎসকদের মতে, প্রথম ও সবচেয়ে সাধারণ সমস্যা হল মূত্রনালীর সংক্রমণ (ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই)। দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে থাকলে মূত্রথলির ভিতরে ক্ষতিকর ব্যাকটেরিয়া জমে যায় এবং দ্রুত বংশবিস্তার করে। এর ফলে প্রস্রাবের সময় জ্বালা, তলপেটে ব্যথা, ঘন ঘন প্রস্রাবের বেগের মতো উপসর্গ দেখা দেয়।
দ্বিতীয়ত, নিয়মিত এই অভ্যাস বজায় রাখলে মূত্রথলির মাংসপেশি দুর্বল হয়ে পড়ে। দীর্ঘদিন প্রস্রাব আটকে রাখার ফলে ব্লাডারের দেয়াল প্রসারিত হয়ে যায় এবং তার স্বাভাবিক সংকোচন-প্রসারণ ক্ষমতা কমতে থাকে। ভবিষ্যতে এর জেরে প্রস্রাব নিয়ন্ত্রণে সমস্যা দেখা দিতে পারে।
আরও একটি বড় ঝুঁকি হল কিডনিতে (Kidney Problem) পাথর। বিশেষত যাঁদের প্রস্রাবে খনিজ পদার্থের পরিমাণ বেশি, তাঁদের ক্ষেত্রে প্রস্রাব চেপে রাখলে সেই খনিজ জমে স্ফটিক আকার ধারণ করে। সময়ের সঙ্গে তা কিডনি স্টোনে পরিণত হয়, যা অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং কখনও অস্ত্রোপচারের প্রয়োজনও হতে পারে।
এছাড়াও, অতিরিক্ত চাপ পড়ে পেলভিক ফ্লোর পেশির উপর। দীর্ঘদিন এই পেশিগুলিকে অস্বাভাবিক ভাবে ব্যবহার করলে সেগুলি দুর্বল হয়ে যায়। ফলে হাঁচি বা কাশির সময় অনিচ্ছাকৃত প্রস্রাব বেরিয়ে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে।
যদিও বিরল, তবে চিকিৎসকেরা বলছেন, অত্যন্ত দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখলে ব্লাডার অতিরিক্ত প্রসারিত হয়ে ফেটে যাওয়ার ঝুঁকিও উড়িয়ে দেওয়া যায় না, যা প্রাণঘাতী হতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ—পর্যাপ্ত জল পান করুন এবং প্রস্রাবের বেগ এলে তা কখনওই উপেক্ষা করবেন না। দৈনন্দিন ছোট অভ্যাসেই লুকিয়ে রয়েছে সুস্থ কিডনি ও মূত্রতন্ত্রের চাবিকাঠি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole