নিউজ পোল ব্যুরো: শীত মানেই কম্বলের আরাম, ভাজাভুজির টান আর অলসতায় মোড়া দিন। কিন্তু এই সময়েই শরীরের ভিতরে বাসা বাঁধে ক্লান্তি, হজমের গোলমাল আর ওজন বাড়ার আশঙ্কা। ঠিক এই জায়গাতেই খাদ্যাভ্যাস নিয়ে সতর্ক হওয়ার বার্তা দিলেন যোগগুরু রামদেব (Patanjali)। সমাজমাধ্যমে পোস্ট করা একটি ভিডিয়োয় তিনি জানালেন, শীতের দিনে কী খাবেন আর কী খাবেন না, তার সহজ কিন্তু কার্যকর দিশা।
নিজের ইনস্টাগ্রামে দেওয়া বার্তায় রামদেব (Patanjali) স্পষ্ট করে বলেছেন, তিনি কোনও ধরনের ফাস্ট ফুড খান না। তাঁর মতে, শীতকালে শরীর এমন খাবারই চায় যা ভিতর থেকে উষ্ণতা দেয় এবং শক্তি জোগায়। তাই এই সময় রুটি জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তার সঙ্গে অবশ্যই রাখতে হবে ঘি। ঘি খেলে মোটা হয়ে যাওয়ার ভয় নেই বলেই জানাচ্ছেন তিনি, কারণ প্রাকৃতিক ঘিয়ের পুষ্টিগুণ শরীরের পক্ষে অত্যন্ত উপকারী।শীতের দিনে রাস্তার খাবার, মোমো, চপ, পিঠেপুলির দিকে ঝোঁক বাড়ে ঠিকই, কিন্তু সেগুলি নিয়মিত খেলে শরীরের ক্ষতি হয় বলেই সতর্ক করেছেন রামদেব (Patanjali)। তার বদলে ঘরোয়া উপকরণে তৈরি খাবারেই মন দিতে বলেছেন তিনি। সহজে হজম হয়, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়— এমন খাবারই এই মরসুমের আসল টনিক।
বিশেষ করে মিলেটের রুটির কথা আলাদা করে উল্লেখ করেছেন রামদেব (Patanjali)। চিকিৎসকদের মতে, মিলেটের রুটি শীতকালে শরীরকে ভিতর থেকে গরম রাখে এবং দীর্ঘক্ষণ শক্তি জোগায়। ফাইবারে ভরপুর এই রুটি হজমে সাহায্য করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতেও কার্যকর। আধুনিক খাদ্যাভ্যাসে যেখানে পরিশোধিত আটা আর ফাস্ট ফুডের আধিপত্য, সেখানে মিলেটের মতো প্রাচীন শস্য আবার নতুন করে গুরুত্ব পাচ্ছে।খাবারের পাশাপাশি শরীরচর্চার উপরেও জোর দিয়েছেন যোগগুরু। শীতকালে অলসতা কাটাতে নিয়মিত যোগাসন করার পরামর্শ দিয়েছেন রামদেব (Patanjali)। তাঁর মতে, পবনমুক্তাসন, ভুজঙ্গাসন ও ত্রিকোণাসনের মতো আসন শরীরের জন্য ব্রহ্মাস্ত্রের মতো কাজ করে। এই আসনগুলি হজমশক্তি বাড়ায়, শরীরের জড়তা কমায় এবং মনকে রাখে চনমনে। সব মিলিয়ে শীতের দিনে সুস্থ থাকতে চাইলে বাহারি ডায়েট নয়, প্রয়োজন শুধু সঠিক খাবার আর নিয়মিত যোগ। ঘরের খাবার, ঘি, মিলেট আর যোগাসনের মেলবন্ধনেই লুকিয়ে রয়েছে শীতের আসল সুস্থতার চাবিকাঠি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
