নিউজ পোল ব্যুরো: রাত জেগে সিনেমা দেখা হোক বা পড়াশোনা— মাঝেমধ্যেই এমন সময় আসে যখন হঠাৎ মিষ্টি খাওয়ার ইচ্ছে চাগাড় দেয়। বিশেষ করে বাঙালির ক্ষেত্রে মিষ্টির প্রতি টান অনেক বেশি। ফ্রিজ খুলে কিছু মিষ্টি না পেলে মনটা কেমন অস্থির করে তোলে। কিন্তু মাঝ রাতে তো আর দোকান থেকে মিষ্টি জোগাড় করা সম্ভব নয়। তখনই মাথায় ঘুরতে থাকে— ঘরে থাকা উপকরণ দিয়েই কি একটু চটজলদি কিছু বানানো যায়? সেই সমস্যার সেরা সমাধান হতে পারে মাত্র দু’ মিনিটে তৈরি চকোলেট ব্রাউনি (Chocolate Brownie), যা বানাতে লাগবে সামান্য উপকরণ এবং খুবই কম সময়।
চকো ব্রাউনি এমন একটি ডেজার্ট যা মুখে দিলেই মাখনের মতো নরম হয়ে যায়। এর চকোলেটের ঘ্রাণ, নরম টেক্সচার আর হালকা ক্রাঞ্চ— সব মিলিয়ে এটি দারুণ এক মধ্যরাতের মিষ্টি সঙ্গী হয়ে উঠতে পারে। আর সবচেয়ে বড় সুবিধা হল, এটি বানাতে ওভেন, দীর্ঘ সময় বা বিশেষ কোনও কৌশল— কিছুই প্রয়োজন নেই। শুধু মাইক্রোওয়েভ, কয়েকটি সহজ উপকরণ আর দু’ মিনিট সময়— ব্যস! তৈরি হয়ে যাবে নরম, সুস্বাদু এবং পুরোপুরি ঘরোয়া চকোলেট ব্রাউনি (Chocolate Brownie)।
উপকরণ:
ডার্ক চকোলেট — ১০০ গ্রাম
মাখন — ২ টেবিল চামচ
চিনির গুঁড়ো — ৫০ গ্রাম
দুধ — আধ কাপ (হালকা গরম)
ময়দা — ৭০ গ্রাম
চকো চিপ্স — ২ টেবিল চামচ
আখরোট কুচি — ২ টেবিল চামচ
বানানোর পদ্ধতি:
প্রথমে একটি মাইক্রোওয়েভ-প্রুফ বাটিতে ডার্ক চকোলেট ও মাখন একসঙ্গে নিন। মাইক্রোওয়েভে ৩০ সেকেন্ড গরম করুন যাতে চকোলেট গলে গিয়ে মাখনের সঙ্গে মিশে যায়। গরম বের করে হালকা নাড়িয়ে নিন যাতে মিশ্রণটি মসৃণ হয়।
এরপর একে একে যোগ করুন চিনির গুঁড়ো, গরম দুধ ও ময়দা। প্রতিটি উপকরণ ভালোভাবে মেশান যাতে দলা না থাকে। যখন মিশ্রণটি পুরোপুরি একসঙ্গে মিশে যাবে, তখন তাতে মেশান চকো চিপ্স। চকো চিপ্স ব্রাউনিকে আরও সুস্বাদু চকোলেটের স্বাদ দেবে।
এবার একটি ছোট বেকিং ট্রে বা মাইক্রোওয়েভ-নিরাপদ পাত্র নিন। সামান্য তেল বা মাখন ব্রাশ করে নিন যাতে ব্রাউনি আটকায় না। এরপর ব্যাটার ঢেলে দিন এবং উপর থেকে ছড়িয়ে দিন আখরোট কুচি। আখরোট ব্রাউনিতে দেবে সুন্দর ক্রাঞ্চ।
ট্রেটি প্রি-হিটেড ওভেনে রাখুন এবং মাত্র দু’ মিনিট মাইক্রোওয়েভ করুন। এতেই তৈরি হয়ে যাবে নরম, গরম, সুগন্ধি চকোলেট ব্রাউনি।
চাইলে উপর থেকে ভ্যানিলা আইসক্রিম যোগ করলে স্বাদ যে একেবারে অন্য মাত্রা পাবে, তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
মধ্যরাতের ক্ষুধা আর মিষ্টি খাওয়ার অদম্য ইচ্ছে— দু’টোই মুহূর্তে মিটিয়ে দেবে এই সহজ, ঝটপট প্রস্তুত হওয়া চকো ব্রাউনি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
