নিউজ পোল ব্যুরো: বর্তমানে শীতের আমেজ টিকে থাকলেও খুব শিগগিরই তা অনেকটাই কমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর । আগামী কয়েক দিনে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে বলে জানানো হয়েছে। একই প্রবণতা দেখা যাবে উত্তরবঙ্গেও। ফলে অনেকের মনেই প্রশ্ন উঠছে—তাহলে কি এ বছর শীত বিদায়ের পথে?
আরও পড়ুন:Antarctica Blood Waterfalls: কেন লাল রঙের এই জলপ্রপাত? রহস্য লুকিয়ে অ্যান্টার্কটিকার বরফের নীচে
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে বহু জেলায় তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গিয়েছিল। তবে আগামী দিনগুলোতে পারদ ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের সর্বনিম্ন তাপমাত্রা এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা—দুটিই বাড়বে। ধীরে ধীরে উত্তুরে হাওয়ার প্রভাব কমে যাবে, যার ফলে শীতের তীব্রতাও কমবে। মঙ্গলবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। যদিও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ২.৫ ডিগ্রি কম ছিল এবং তা নেমে আসে ১৫.২ ডিগ্রি সেলসিয়াসে। ফলে ভোর ও রাতে ঠান্ডা অনুভূত হলেও দিনের দিকে গরম বাড়তে শুরু করেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া—এই সব জেলায় আগামী সাত দিন আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালে কিছু এলাকায় হালকা কুয়াশা থাকতে পারে। উত্তরবঙ্গেও একই ছবি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কমে যাওয়ায় রাজ্যে এখন শুষ্ক উত্তর-পশ্চিম হাওয়া বইছে। নতুন কোনও নিম্নচাপের সম্ভাবনাও নেই।
