নিউজ পোল ব্যুরো: সকাল ও রাতে এখনও শীতের হালকা ছোঁয়া টের পাওয়া যাচ্ছে, কিন্তু ধীরে ধীরে বদলাচ্ছে আবহাওয়ার ছবি (Weather Update). কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা ক্রমশ বাড়ছে, আর শীতের দাপট কমতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে শহর ও জেলার পারদ আরও ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে , আর রবিবারের মধ্যে দিনের বেলায় কার্যত শীতের উপস্থিতি কমে যাবে।
ভোরের কুয়াশা এবং হিমেল হাওয়ায় এখনও শীতের স্মৃতি টের পাওয়া যায় , তবে বিশেষজ্ঞরা বলছেন এটি শীতের শেষ ঝলক মাত্র। রাত ও সকালে ঠান্ডা থাকলেও, কয়েক দিনের মধ্যেই রাজ্যজুড়ে উষ্ণতার প্রভাব স্পষ্টভাবে দেখা যাবে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে। সর্বনিম্ন তাপমাত্রা আগামী দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে . শনিবার থেকেই এই পরিবর্তন চোখে পড়তে শুরু করবে, কারণ উত্তুরে হাওয়ার প্রভাব কমে আসছে। ফলে রাতের ঠান্ডা কমবে এবং দিনের তাপমাত্রাও ক্রমশ বেড়ে যাবে ।দক্ষিণবঙ্গের আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে। কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আগামী সাত দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই . কোথাও কোথাও সকালে হালকা কুয়াশা থাকতে পারে, তবে ঘন কুয়াশার আশঙ্কা নেই।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
আবহাওয়াবিদদের মতে, ১৪ ফেব্রুয়ারি থেকে তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা আরও পরিষ্কার হবে । বিশেষ করে দক্ষিণবঙ্গে উষ্ণতা দ্রুত বাড়তে পারে। অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে থেকেই শীত কার্যত বিদায়ের পথে হাঁটবে। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসবে, আর বাতাসে উষ্ণতার ছোঁয়া অনুভূত হবে।
