Pratik Ur Rahman: বাম ছেড়ে ঘাসফুলে! ‘ইনকিলাব’ ভুলে এবার ‘মা-মাটি-মানুষ’ জিন্দাবাদ প্রতীক-উরের কণ্ঠে er

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: সব জল্পনার ইতি টেনে শেষ পর্যন্ত তৃণমূলে যোগ দিলেন সদ্য প্রাক্তন সিপিএম (CPIM) নেতা প্রতীক-উর-রহমান (Pratik Ur Rahman)। শুক্রবার আমতলার তৃণমূল পার্টি অফিসে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড-হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গত এক সপ্তাহ ধরেই প্রতীক-উরের দলবদল নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা চলছিল। তিনি আগেই জানিয়েছিলেন, ২১ ফেব্রুয়ারি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সিপিএম ছাড়ার পর প্রতীক-উর (Pratik Ur Rahman) দাবি করেছিলেন, রাজ্যের প্রায় সব রাজনৈতিক দলই তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল। তবে শেষ পর্যন্ত তিনি বেছে নিলেন তৃণমূলকেই (TMC)।

আরও পড়ুন: Asha Sharma: টেক দুনিয়ায় ফের ভারতীয় জয়জয়কার! মাইক্রোসফট গেমিং-এর নতুন সিইও হলেন আশা শর্মা

একসময় যাঁর বিরুদ্ধে লোকসভা নির্বাচনে লড়েছিলেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই লাল পতাকা ছেড়ে ঘাসফুল শিবিরে এলেন প্রতীক-উর (Pratik Ur Rahman)। যোগদান অনুষ্ঠানে তিনি বলেন, “বাংলার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে লড়াই করছেন, সেই লড়াইয়ে শরিক হতে চাই। বিজেপিকে রুখতে সবচেয়ে বড় শক্তি এখন তৃণমূল। সেই কারণেই আমি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে এসেছি।”

অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে সিপিএমের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, সিপিএমের আদর্শ আজ প্রশ্নের মুখে, আর তৃণমূলের রাজনীতি প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি। প্রতীক-উরের বিরুদ্ধে ‘ডিল’-এর অভিযোগ উড়িয়ে দিয়ে অভিষেক স্পষ্ট করেন, প্রতীক নিজেই জানিয়েছেন যে তিনি কোনও নির্বাচনী টিকিট চান না, বরং সংগঠনের কাজে যুক্ত থাকতে চান।

অন্যদিকে প্রতীক-উর-রহমান বলেন, সিপিএমে থাকাকালীন তিনি জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে ‘ভিক্ষা’ নয়, মানুষের অধিকার হিসেবে দেখার কথা বলেছিলেন, কিন্তু দল সেই অবস্থান নিতে পারেনি। বিজেপিকে রুখতেই তাঁর মূল লক্ষ্য, আর সেই লড়াইয়ে তৃণমূলের সঙ্গেই পথ চলবেন তিনি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole