Mexico: কুখ্যাত মাদক সম্রাট এল মেনচো নিহত, জালিস্কোতে নিরাপত্তা বাহিনীর তাণ্ডব

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: মেক্সিকোর কুখ্যাত মাদক চক্রের প্রধান নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্তেস, যিনি ‘এল মেনচো’ নামে পরিচিত, নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র বন্দুকযুদ্ধের পর মারা গেছেন। জালিস্কো প্রদেশে তার অনুগতদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সংঘর্ষ বাধে। অভিযানের সময় গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে রাজধানী মেক্সিকো সিটিতে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

আরও পড়ুন:Mukul Roy Death : কার্ডিয়াক অ্যারেস্টে প্রয়াত প্রাক্তন রেলমন্ত্রী মুকুল রায়, শেষ নিঃশ্বাস কলকাতায়

অভিযানটি চালানো হয় জালিস্কোর তাপালপা এলাকায়। সেখানে জালিস্কো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি)-এর আরও চার সদস্য নিহত হয়। গোলাগুলিতে নিরাপত্তা বাহিনীর তিন সদস্য আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, গোয়েন্দা তথ্য আদান-প্রদানে যুক্তরাষ্ট্র সহযোগিতা করেছে, যা অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এল মেনচোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই মেক্সিকোর অন্তত আটটি প্রদেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। কার্টেল সদস্যরা বিভিন্ন শহরে গাড়িতে আগুন ধরিয়ে দেয়, প্রধান সড়ক অবরোধ করে এবং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়। একাধিক শহরে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতির অবনতির জেরে কয়েকটি রাজ্যে সাময়িকভাবে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জালিস্কো, তামাউলিপাস, মিচোয়াকান, গুয়েরেরো ও নুয়েভো লিওনের কিছু অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম নাগরিকদের শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি জানিয়েছেন, অধিকাংশ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে আছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

৫৯ বছর বয়সি এল মেনচো একসময় পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন। পরে তিনি শক্তিশালী মাদক চক্র গড়ে তোলেন এবং যুক্তরাষ্ট্রে কোকেন, মেথামফেটামিন ও ফেন্টানাইল পাচারের অভিযোগে অভিযুক্ত হন। তাঁকে ধরিয়ে দিতে ১৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিশেষ বাহিনীর সুপরিকল্পিত অভিযানের ফলেই এই সাফল্য এসেছে।