Diabetes : ডায়েটেই কি নিয়ন্ত্রণে থাকবে থাইরয়েড? ভ্রান্ত ধারণা ভাঙলেন চিকিৎসকরা

লাইফস্টাইল স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: ডায়াবিটিসে (Diabetes) যেমন অতিরিক্ত চিনি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়, কিডনিতে পাথরের ঝুঁকিতে অক্সালেট (Oxalate) কম খাওয়ার কথা বলা হয়, তেমনই অনেকের ধারণা থাইরয়েড (Thyroid) সমস্যাও বুঝি শুধু ডায়েট নিয়ন্ত্রণ করলেই ঠিক হয়ে যায়। কিন্তু চিকিৎসকরা বলছেন, বিষয়টি এতটা সরল নয়। ভারতে প্রায় ৪২ মিলিয়ন মানুষ থাইরয়েড হরমোনের সমস্যায় ভুগছেন বলে ‘ইন্ডিয়ান জার্নাল অফ এন্ডোক্রিনোলজি অ্যান্ড মেটাবলিজ়ম’ (Indian Journal of Endocrinology and Metabolism) সূত্রে জানা যায়। তাই এই রোগ নিয়ে সচেতনতা জরুরি। থাইরয়েড হরমোনের ভারসাম্য বজায় রাখতে ডায়েটের ভূমিকা অবশ্যই রয়েছে, তবে নির্দিষ্ট কোনও একটি খাবার বাদ দিলেই বা খেলেই রোগ সেরে যাবে— এমন ধারণা ভ্রান্ত। আগে ভারতে আয়োডিনের (Iodine) ঘাটতি একটি বড় সমস্যা ছিল। সেই কারণেই চালু হয়েছিল ন্যাশনাল আয়োডিন ডেফিসিয়েন্সি ডিজ়অর্ডারস কন্ট্রোল প্রোগ্রাম (NIDDCP)। আয়োডাইজ়ড নুন ব্যবহারের ফলে গয়টার (Goiter) অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) জানাচ্ছে, প্রতিদিন প্রায় ১৫০ মাইক্রোগ্রাম আয়োডিন গ্রহণ করলেই স্বাভাবিক থাইরয়েড কার্যকারিতা বজায় রাখা সম্ভব।

আরও পড়ুন : Toothbrush: একই টুথব্রাশ ব্যবহার করছেন মাসের পর মাস? নিজের অজান্তেই ডেকে আনছেন বড় বিপদ!

তবে থাইরয়েড এখন আর শুধু আয়োডিনের ঘাটতির রোগ নয়। হাইপোথাইরয়েডিজ়ম (Hypothyroidism), হাইপারথাইরয়েডিজ়ম (Hyperthyroidism) এবং হাসিমোটো থাইরয়ডিটিস (Hashimoto’s Thyroiditis)-এর মতো অটোইমিউন সমস্যাও বেড়েছে। চিকিৎসক বিনীত অরোরা জানিয়েছেন, আয়োডিন প্রয়োজনীয় হলেও অতিরিক্ত গ্রহণও ক্ষতিকর হতে পারে। সাধারণ রান্নার আয়োডাইজ়ড নুন থেকেই প্রয়োজনীয় আয়োডিন পাওয়া যায়। থাইরয়েড রোগীদের দৈনন্দিন খাদ্যতালিকায় প্রোটিন (Protein) ও ফাইবার (Fiber) রাখা গুরুত্বপূর্ণ। বিশেষ করে হাইপোথাইরয়েডে আক্রান্তদের মধ্যে ওজন বৃদ্ধি ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়। সুষম প্রোটিন ও আঁশযুক্ত খাবার এই সমস্যাগুলি অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

অন্যদিকে কিছু খাবার সীমিত পরিমাণে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। ক্রুসিফেরাস ভেজিটেবলস (Cruciferous Vegetables) যেমন বাঁধাকপি, ফুলকপি, ব্রকোলি, সর্ষে শাক ইত্যাদিকে গয়োট্রজেনিক ফুড (Goitrogenic Food) বলা হয়। এগুলি অতিরিক্ত কাঁচা অবস্থায় খেলে আয়োডিন শোষণে বাধা দিতে পারে। তবে সম্পূর্ণ বাদ দেওয়ার প্রয়োজন নেই; পরিমিত ও সঠিকভাবে রান্না করে খাওয়াই বাঞ্ছনীয়। সব মিলিয়ে, থাইরয়েড নিয়ন্ত্রণে ডায়েট গুরুত্বপূর্ণ হলেও চিকিৎসকের পরামর্শ ও নিয়মিত পরীক্ষা সবচেয়ে বেশি জরুরি।