Chia Seeds: ওজন কমাতে চিয়া সিডের সঙ্গে ডাবের জল

অন্যান্য লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: আজকাল ওজন নিয়ন্ত্রণে রাখতে অনেকেই ডায়েটে চিয়া সিড (Chia Seeds) যোগ করছেন। এই ক্ষুদ্র কালো বীজকে বলা হয় সুপার ফুড। কারণ এর মধ্যে রয়েছে প্রচুর ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, খনিজ পদার্থ ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। এগুলি শুধু হজম ভালো রাখে না, পাশাপাশি রক্তের শর্করার ভারসাম্য বজায় রাখতে ও শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। সাধারণত অনেকে চিয়া সিড জলেই ভিজিয়ে খান। কিন্তু পুষ্টিবিদদের মতে, যদি এই বীজ ডাবের জলে ভিজিয়ে খাওয়া হয়, তবে এর কার্যকারিতা আরও বেড়ে যায়।

চলুন জেনে নেওয়া যাক চিয়া সিড ডাবের জলের সঙ্গে খেলে কী কী উপকার পাওয়া যায়—

১) হজম ও ওজন নিয়ন্ত্রণে সহায়ক:

ডাবের জল ও চিয়া সিড দুটিতেই রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার। এই ফাইবার শরীরে সহজে হজম প্রক্রিয়া চালাতে সাহায্য করে। পাশাপাশি এটি দীর্ঘ সময় পেট ভরতি রাখে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়। এর ফলেই ওজন নিয়ন্ত্রণে রাখা অনেক সহজ হয়।

২) অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ

চিয়া সিড ও ডাবের জলে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ভেতরে ক্ষতিকর ফ্রি-র‍্যাডিক্যাল কমায়। এর ফলে প্রদাহ কমে, মানসিক চাপ হ্রাস পায় এবং মন ভালো থাকে। একে বলা যায় প্রাকৃতিক স্ট্রেস রিলিভার।

৩) শরীরকে চাঙ্গা করে:

দৈনন্দিন ব্যস্ত জীবনে শরীর প্রায়ই ক্লান্ত হয়ে পড়ে। ডাবের জল স্বাভাবিকভাবেই ইলেক্ট্রোলাইট সমৃদ্ধ, আর চিয়া সিডের পুষ্টিগুণ তার সঙ্গে মিলে শরীরকে দ্রুত সতেজ করে তোলে। ব্যায়াম বা দীর্ঘ কাজের পর এই পানীয় একেবারে পারফেক্ট এনার্জি বুস্টার।

৪) ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের উৎস:

চিয়া সিডে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। এটি শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে, পাশাপাশি ফ্যাট মেটাবলিজমকে সঠিক রাখে। সবচেয়ে বড় কথা, খিদে নিয়ন্ত্রণে এনে ওজন কমানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।

৫) প্রোটিনের জোগান দেয়:

চিয়া সিড প্রোটিন সমৃদ্ধ। শরীরে পেশী তৈরি ও মেরামতের জন্য প্রোটিন অপরিহার্য। একই সঙ্গে প্রোটিন খিদে কমায় ও শরীরের বিপাকক্রিয়া বাড়িয়ে দেয়।সুতরাং, প্রতিদিনের ডায়েটে ডাবের জলে ভিজিয়ে চিয়া সিড খাওয়া হলে শরীর শুধু সুস্থই থাকে না, বরং ওজন নিয়ন্ত্রণেও আশ্চর্য ফল পাওয়া যায়।