নিউজ পোল ব্যুরো: ভোট ঘোষণার ঠিক আগেই রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানিয়েছেন, আগামী মার্চ মাস থেকেই বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। দীর্ঘদিন ধরে এই দাবি নিয়ে আন্দোলন চালিয়ে আসা সরকারি কর্মচারীদের জন্য এই ঘোষণা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
নিজের এক্স (X) হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী জানান, মা-মাটি-মানুষ সরকার রাজ্যের কর্মচারী, পেনশনভোগী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মী, পঞ্চায়েত, পৌর সংস্থা এবং অন্যান্য অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে চলেছে। অর্থ দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের মার্চ মাস থেকে রোপা ২০০৯ অনুযায়ী বকেয়া ডিএ পাওয়ার প্রক্রিয়া শুরু হবে। বকেয়া ডিএ নিয়ে গত কয়েক বছর ধরে রাজ্যের সরকারি কর্মচারীরা আন্দোলন চালিয়ে আসছিলেন। একাধিকবার রাজপথে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় এবং বিষয়টি আদালতেও ওঠে। পরবর্তীতে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে বকেয়া ডিএ দেওয়ার বিষয়ে নির্দেশ দেয়। সেই সময় কিছুটা সময় চেয়েছিল রাজ্য সরকার।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
রাজনৈতিক মহলের মতে, ভোটের প্রাক্কালে এই ঘোষণা তাৎপর্যপূর্ণ। সম্প্রতি বিজেপির তরফে সংগঠনিক নেতা সুনীল বনসাল রাজ্য সরকারি কর্মচারীদের একটি অংশের সঙ্গে বৈঠক করেন বলেও খবর। এই পরিস্থিতিতেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
