Modi Brigade: গিরিশ পার্ক তাণ্ডবের জেরে একের পর এক গ্রেফতার, ধৃতের সংখ্যা বেড়ে ৯

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: কলকাতার গিরিশ পার্ক এলাকায় রাজ্যের শিল্পমন্ত্রী ডাঃ শশী পাঁজার বাড়িতে ভাঙচুর ও হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সভার আগে শহরের রাস্তায় উত্তেজনা ছড়ায়। সেই সময় গিরিশ পার্ক মোড়ের কাছে মন্ত্রীর বাসভবনে হামলার অভিযোগ ওঠে। ঘটনায় পুলিশ এখন পর্যন্ত মোট ৯ জনকে গ্রেফতার করেছে। আহত হয়েছেন বউবাজার থানার ওসি বাপ্পাদিত্য নস্করসহ বেশ কয়েকজন পুলিশকর্মী।

আরও পড়ুন: Narendra Modi: রান্নার গ্যাস নেই বাংলার ঘরে, মোদির মুখে কুলুপ! সিলিন্ডার ভরা বিজেপি ক্যাম্পে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্রিগেডমুখী কয়েকটি বাস থেকে বিজেপি সমর্থকদের একটি দল নেমে মন্ত্রীর বাড়ির সামনে লাগানো পোস্টার ও ফ্লেক্স ছিঁড়ে ফেলে। এরপর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, ওই সময় হামলাকারীরা মন্ত্রীর বাড়ির দিকে ইট-পাটকেল ছোড়ে এবং বাড়ির জানলা ও দরজায় ভাঙচুর চালায়। ঘটনায় বাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।এই সময় স্থানীয় তৃণমূল কর্মীরা প্রতিবাদ জানালে দুই পক্ষের মধ্যে বচসা ও ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গিরিশ পার্ক, বউবাজার, বড়তলা, জোড়াসাঁকো-সহ একাধিক থানার পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‍্যাফ এবং অতিরিক্ত পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়। হামলার সময় ইটের আঘাতে বউবাজার থানার ওসি বাপ্পাদিত্য নস্কর গুরুতর জখম হন। পাশাপাশি আরও কয়েকজন পুলিশকর্মীও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

মন্ত্রী শশী পাঁজা অভিযোগ করেছেন, এটি পরিকল্পিত হামলা এবং তাঁকে লক্ষ্য করেই আক্রমণ চালানো হয়েছে। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।পুলিশ জানিয়েছে, আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছিল। ঘটনার তদন্ত এখনও চলছে এবং আরও গ্রেফতার হতে পারে বলেও জানা গিয়েছে।