নিউজ পোল ব্যুরো: বলিউডে ‘পারফেকশনিস্ট’ নামে পরিচিত আমির খান (Aamir Khan)। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্য, দৃশ্য পরিকল্পনা কিংবা চরিত্র বিশ্লেষণ—প্রতিটি বিষয়েই তিনি অত্যন্ত খুঁতখুঁতে। এই স্বভাবই তাঁকে অন্যদের থেকে আলাদা পরিচিতি দিয়েছে। তবে বলিপাড়ায় এক সময় এমন গুঞ্জনও শোনা গিয়েছিল যে, তাঁর এই অতিরিক্ত খুঁতখুঁতে মনোভাবই নাকি এক বিখ্যাত পরিচালকের সঙ্গে কাজের সুযোগ নষ্ট করেছিল।
অভিনেতা হিসেবে জনপ্রিয় হওয়ার আগে থেকেই ক্যামেরার পিছনের কাজের প্রতি আগ্রহ ছিল আমিরের (Aamir Khan)। তাঁর বাবা তাহির হুসেন ছিলেন বলিউডের প্রযোজক। ছোটবেলা থেকেই ছবির সেট এবং ছবিনির্মাণের নানা দিক কাছ থেকে দেখেছেন আমির। সেই অভিজ্ঞতা থেকেই পরিচালনা ও নির্মাণের কাজ শেখার আগ্রহ তৈরি হয়েছিল তাঁর।
১৯৭৩ সালে শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলেন তিনি। নাসির হুসেন পরিচালিত ‘ইয়াদোঁ কি বারাত’ ছবিতে প্রথম বার ক্যামেরার সামনে দেখা যায় তাঁকে। পরে ১৯৮৪ সালে ‘হোলি’ ছবির মাধ্যমে প্রাপ্তবয়স্ক চরিত্রে অভিনয়ের সুযোগ পান। কিন্তু অভিনয়ের পাশাপাশি পরিচালনা শেখার ইচ্ছাও ছিল তাঁর প্রবল।
এই সময়েই বিখ্যাত পরিচালক শেখর কপূরের সঙ্গে কাজ করার স্বপ্ন দেখেছিলেন আমির। বিশেষ করে তাঁর পরিচালিত জনপ্রিয় ছবি ‘মিস্টার ইন্ডিয়া’-র সেটে গিয়ে কাজ শেখার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু সেই সুযোগ আর পাননি।
সেই ছবিতে প্রথম সহকারী পরিচালক ছিলেন প্রয়াত অভিনেতা-পরিচালক সতীশ কৌশিক। শোনা যায়, সেটে গাড়ি করে পৌঁছেছিলেন আমির। সেটিই নাকি অপছন্দ হয়েছিল সতীশের। তাঁর মতে, ছবির প্রধান সহকারী পরিচালকই যখন সাধারণ ভাবে যাতায়াত করেন, তখন দ্বিতীয় সহকারী পরিচালক যদি গাড়িতে আসেন, তা হলে তা অস্বস্তিকর দেখায়। সেই কারণেই নাকি আমিরকে কাজের সুযোগ দেওয়া হয়নি।
পরবর্তী সময়ে এই প্রসঙ্গে শেখর কপূরও মন্তব্য করেছিলেন। তাঁর বক্তব্য, আমিরকে ব্যক্তিগত ভাবে তিনি কাজ থেকে বাদ দেননি, বরং সেটের দায়িত্বে থাকা সহকারী পরিচালকের সিদ্ধান্তই কার্যকর হয়েছিল।
এই ঘটনার পরও আমিরের ক্যারিয়ার থেমে থাকেনি। বরং ১৯৮৮ সালে মুক্তি পাওয়া ‘কয়ামত সে কয়ামত তক’ ছবির মাধ্যমে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এরপর একের পর এক সফল ছবিতে অভিনয় করে বলিউডের প্রথম সারির অভিনেতাদের তালিকায় জায়গা করে নেন।
তবে বলিউডে আরেকটি গুঞ্জনও দীর্ঘ দিন ধরে শোনা যায়। শেখর কপূর পরিচালিত কল্পবিজ্ঞানভিত্তিক ছবি ‘টাইম মেশিন’-এ অভিনয় করেছিলেন আমির। ছবিটির বেশির ভাগ শুটিং শেষ হলেও নানা কারণে শেষ পর্যন্ত তা আর মুক্তি পায়নি। বাজেট সমস্যার পাশাপাশি পরিচালক ও অভিনেতার কাজের ধরণে পার্থক্যও এর পিছনে কারণ ছিল বলে দাবি করেন অনেকে।
যাই হোক, সময়ের সঙ্গে সেই সব বিতর্ক এখন অতীত। তবে বলিউডের অন্দরমহলে এই ঘটনাগুলি এখনও আলোচনার বিষয় হয়ে রয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
