Rosgolla:আনন্দের আসরেই শোকের ছায়া, রসগোল্লা গলায় আটকে বিয়েবাড়িতে মৃত্যু

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ঝাড়খণ্ডের জামশেদপুরে এক বিয়েবাড়ির আনন্দমুখর পরিবেশ মুহূর্তে বদলে গেল শোকের ছায়ায়। ভোজের টেবিলে বসে খাবার খাওয়ার সময় গলায় রসগোল্লা আটকে মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার রাতে জামশেদপুরের বেলাজুড়ি পঞ্চায়েত এলাকার মালিয়ান্তা গ্রামে ঘটে এই হৃদয়বিদারক ঘটনা। মৃত ব্যক্তির নাম ললিত সিং (৪১)।

আরও পড়ুন:Sougata Roy: রাষ্ট্রপতি ভবনের প্রাতঃরাশে সৌগত রায়, তৃণমূলের অন্দরে নতুন বিতর্ক

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ললিত। সবার সঙ্গে বসে ভোজ খাচ্ছিলেন তিনি। আনন্দঘন পরিবেশে চলছিল আড্ডা, হাসি–মজা আর খাওয়া-দাওয়া। ঠিক সেই সময় মিষ্টি হিসেবে পরিবেশন করা হয় রসগোল্লা। ললিত মুখে রসগোল্লা তোলার পরই আচমকা বিপত্তি ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, রসগোল্লা খাওয়ার সময় হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। মুহূর্তের মধ্যে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। আশপাশে থাকা মানুষজন দ্রুত বুঝতে পারেন, মিষ্টিটি তাঁর গলায় আটকে গিয়েছে। তাকে সাহায্য করতে এগিয়ে আসেন অনেকেই। কেউ গলা থেকে রসগোল্লা বের করার চেষ্টা করেন, কেউ আবার দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

পরিস্থিতির গুরুত্ব বুঝে পরিবারের সদস্যরা তড়িঘড়ি করে ললিতকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, রসগোল্লাটি তার শ্বাসনালিকে সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে দেয়। ফলে শরীরে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় এবং অল্প সময়ের মধ্যেই মৃত্যু ঘটে ময়না-তদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বিয়ের আনন্দঘন অনুষ্ঠানে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।