Nabanna : নির্বাচনের মুখে প্রশাসনে বড় রদবদল, নবান্নের নির্দেশে একসঙ্গে ৩০ ডব্লিউবিসিএস আধিকারিকের বদলি

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরই রাজ্য প্রশাসনে ফের বড়সড় রদবদলের ইঙ্গিত মিলল। সোমবার সকালে নবান্নের (Nabanna) তরফে প্রকাশ্যে আসে আরও ৩০ জন ডব্লিউবিসিএস (WBPCS / WBCS Executive) আধিকারিকের বদলির বিজ্ঞপ্তি। যদিও সরকারি নথিতে উল্লেখ করা হয়েছে, এই নির্দেশ আসলে গত ১৩ মার্চ জারি করা হয়েছিল। তবে তা প্রকাশ্যে আসে ১৬ মার্চ, সোমবার। নবান্নের (Nabanna) প্রশাসনিক ও কর্মিবিনিয়োগ দফতর (Nabanna Administration) সূত্রে জানা গিয়েছে, প্রশাসনিক কাজে গতি আনা এবং বিভিন্ন জেলায় দায়িত্বের ভারসাম্য বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জনস্বার্থে প্রশাসনিক ব্যবস্থাকে আরও কার্যকর করে তুলতেই এই বদলির সিদ্ধান্ত বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিশেষ করে একাধিক জেলায় অতিরিক্ত জেলাশাসক বা এডিএম (Additional District Magistrate – ADM) পদে নতুন করে আধিকারিক নিয়োগ করা হয়েছে।

আরও পড়ুন : Election Commission 2026 : ভোটের মুখে বড় সিদ্ধান্ত! ডিজিপি ও কলকাতা পুলিশ কমিশনার বদলে দিল নির্বাচন কমিশন

বদলির তালিকায় থাকা উল্লেখযোগ্য নামগুলির মধ্যে রয়েছেন অনন্তচন্দ্র সরকার। এতদিন তিনি রাজ্যের পর্যটন দফতরে কর্মরত ছিলেন। নতুন নির্দেশ অনুযায়ী তাকে উত্তর দিনাজপুর জেলায় অতিরিক্ত জেলাশাসক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে মালদহ ডিভিশনের সহকারী কমিশনার পুষ্পক রায়কেও ওই জেলায় এডিএম হিসেবে নিয়োগ করা হয়েছে। এদিকে তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স দফতরে কর্মরত বিষ্ণুব্রত ভট্টাচার্যকে মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত জেলাশাসক হিসেবে পাঠানো হয়েছে। আবার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের যুগ্ম সচিব সুদীপ্ত দাসকে নদিয়া জেলার এডিএম পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তালিকায় আরও দেখা যাচ্ছে, আদিবাসী উন্নয়ন দফতরের যুগ্ম সচিব শুভলক্ষ্মী বসুকে উত্তর ২৪ পরগনা জেলার অতিরিক্ত জেলাশাসক করা হয়েছে। একই জেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের যুগ্ম সচিব ব্রিজিত সুচিতা কুজুরকেও এডিএম হিসেবে নিয়োগ করা হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

শুধু জেলাস্তরেই নয়, রাজ্য সরকারের বিভিন্ন দফতরেও কয়েকজন আধিকারিককে গুরুত্বপূর্ণ দায়িত্বে আনা হয়েছে। তাদের মধ্যে দীপাঞ্জন দে, কোয়েলি দাস, পুষ্পেন চট্টোপাধ্যায় এবং শৈবাল নন্দীর মতো আধিকারিকদের নবান্নে সিনিয়র ডেপুটি সেক্রেটারি ও যুগ্ম সচিব (Senior Deputy Secretary / Joint Secretary) পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। রাজ্য প্রশাসনের একাংশের মতে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026) সামনে রেখে আগেই প্রশাসনিক পুনর্বিন্যাসের কাজ শুরু হয়েছিল। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই এই বদলির নির্দেশিকা জারি হয়েছে। নির্বাচনকালীন সময়ে প্রশাসনিক কাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যেই একাধিক জেলায় অতিরিক্ত জেলাশাসক নিয়োগ করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, রবিবার নির্বাচন কমিশন (Election Commission of India) বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করার পর থেকেই রাজ্যের প্রশাসনিক স্তরে একাধিক পরিবর্তনের খবর সামনে আসছে। তারই মধ্যে আরও ৩০ জন ডব্লিউবিসিএস আধিকারিকের রদবদল ঘিরে প্রশাসনিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, ভোটের আগে প্রশাসনিক প্রস্তুতিকে আরও শক্তিশালী করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।