Kalighat: খোদ মমতার কেন্দ্রে তৃণমূলের পোস্টার-ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ, রণক্ষেত্র চক্রবেড়িয়া

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) শক্ত ঘাঁটি ভবানীপুরে (Kalighat) ভোটের আগে উত্তেজনা তুঙ্গে। পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে শাসকদল তৃণমূল (TMC) এবং বিজেপির (BJP) মধ্যে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, ফলে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে।

আরও পড়ুন: Yuva Sathi : যুব সাথীর টাকা পাচ্ছেন না? জেনে নিন অ্যাকাউন্টে টাকা না ঢোকার আসল কারণ

স্থানীয় সূত্রে জানা গেছে, বিধানসভা নির্বাচনের প্রচারের জন্য ভবানীপুরের (Kalighat) একাধিক এলাকায় তৃণমূলের ব্যানার ও পোস্টার লাগানো হয়েছিল। শনিবার দুপুরে চক্রবেড়িয়া রোড সংলগ্ন এলাকায় সেই পোস্টারগুলি ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এর প্রতিবাদে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব, কাউন্সিলর অসীম বসুর নেতৃত্বে, রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। পরে থানায় গিয়ে নির্দিষ্ট কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করা হয়।

অসীম বসুর দাবি, সমস্ত নিয়ম মেনেই পোস্টার লাগানো হয়েছিল। কিন্তু হঠাৎ করেই সেগুলি নষ্ট করা হয়। তাঁর অভিযোগ, শুধু দলীয় পোস্টারই নয়, মুখ্যমন্ত্রীর সমর্থনে লাগানো বিভিন্ন হোর্ডিংও ছিঁড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় দ্রুত পুলিশি পদক্ষেপের দাবিও জানিয়েছেন তিনি।

অন্যদিকে, বিজেপির পাল্টা দাবি, এটি আসলে তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠী কোন্দলের ফল। তাঁদের বক্তব্য, নিজেদের মধ্যে দ্বন্দ্ব ঢাকতেই বিজেপির উপর দোষ চাপানো হচ্ছে। এমনকি বিজেপিও এদিন কালীঘাট (Kalighat) থানায় অভিযোগ দায়ের করেছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এই কেন্দ্র থেকেও লড়াই করার পরিকল্পনা করেছেন। ফলে ভোটের আগে এই কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তাপ যে আরও বাড়বে, তা বলাই যায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole