নিউজ পোল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থেকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পাথরপ্রতিমা কলেজ মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান এবং রাজ্যের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন।
আরও পড়ুন: Mamata- Abhisek ভোটের ময়দানে নামলেন মমতা-অভিষেক, আলিপুরদুয়ার ও পাথরপ্রতিমা থেকে শুরু প্রচার
সভা থেকে অভিষেকের স্পষ্ট বার্তা, “এই নির্বাচন বিজেপিকে শিক্ষা দেওয়ার নির্বাচন। বিজেপিকে এবার ৫০-এর নিচে নামিয়ে আনব।” তাঁর দাবি, তৃণমূল আবারও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে এবং চতুর্থবারের জন্য ‘মা-মাটি-মানুষ’ সরকার গঠন করবে।বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলাকে বঞ্চিত করার অভিযোেগ তোলেন অভিষেক। তাঁর দাবি, কেন্দ্র সরকার আবাস যোজনা ও ১০০ দিনের কাজের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের টাকা আটকে রেখেছে, যার ফলে রাজ্যের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একইসঙ্গে তিনি বলেন, গত পাঁচ বছরে রাজ্যে ব্যাপক উন্নয়ন হয়েছে। গ্রামীণ হাসপাতালগুলিতে চিকিৎসকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং বহু মানুষের জন্য পাকা বাড়ির ব্যবস্থা করা হয়েছে। বিজেপি কেন নিজেদের উন্নয়নের রিপোর্ট কার্ড দেখাতে পারছে না, সেই প্রশ্নও তোলেন তিনি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এদিনের সভায় পাথরপ্রতিমা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সমীর কুমার জানার সমর্থনে প্রচার করেন অভিষেক। সমীর জানা টানা তিনবারের বিধায়ক এবং এবার চতুর্থবারের জন্য প্রার্থী হয়েছেন। স্থানীয়দের মতে, পাথরপ্রতিমা দীর্ঘদিন ধরেই তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।অভিষেকের সভা ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ দেখা যায়। গত কয়েকদিন ধরেই বুথে বুথে কর্মীসভা এবং প্রস্তুতি চলছিল। প্রবল বৃষ্টির কারণে কলেজ মাঠ জলমগ্ন হয়ে পড়লেও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হয়। মঞ্চের পাশে হেলিপ্যাড তৈরি করা হয় এবং হেলিকপ্টারে করে সভাস্থলে পৌঁছান অভিষেক। প্রশাসনের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং গোটা এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়। সভা থেকে উন্নয়ন ও সংগঠনের বার্তা তুলে ধরে তৃণমূল নেতৃত্ব ভোটের লড়াইকে আরও তীব্র করে তুলেছে।
