নিউজ পোল ব্যুরো: নেপালের (Nepal) রাজনীতিতে হঠাৎ করেই চরম নাটকীয় মোড়। নতুন সরকার গঠনের পরপরই বড় পদক্ষেপ নিল প্রশাসন। প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি-কে (KP Oli Sharma) গ্রেফতার করা হয়েছে, যা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। সূত্রের খবর, শুক্রবারই বলেন্দ্র শাহ নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। শপথ নেওয়ার একদিনের মধ্যেই প্রশাসনিক পদক্ষেপ হিসেবে গ্রেফতার করা হয় ওলিকে। একই সঙ্গে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক-কেও হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ‘জেন-জি’ (Nepal) আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগেই এই গ্রেফতারি। কাঠমাণ্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র ওম অধিকারী জানিয়েছেন, আইন অনুযায়ী সমস্ত প্রক্রিয়া মেনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পরবর্তী তদন্ত চলবে।
আরও পড়ুন: Debanshu Bhattacharya: রামনবমীতে চুঁচুড়ার রাম-সীতা মন্দিরে পুজো দিলেন দেবাংশু ভট্টাচার্য
উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে নেপালে (Nepal) দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক জনআন্দোলন গড়ে ওঠে, যেখানে বিশেষ করে তরুণ প্রজন্ম রাস্তায় নেমে প্রতিবাদ জানায়। সেই আন্দোলন ক্রমেই হিংসাত্মক আকার নেয় এবং পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৭০ জনের মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই পরবর্তীতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়।নতুন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ দায়িত্ব নেওয়ার পরই একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেন, যার লক্ষ্য ছিল সেই সময়কার হিংসার প্রকৃত কারণ ও দায়ীদের চিহ্নিত করা। ওই কমিটির রিপোর্টে বেশ কয়েকজন উচ্চপদস্থ ব্যক্তির নাম উঠে আসে, যাঁদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ রয়েছে।
জানা গিয়েছে, এই রিপোর্টের ভিত্তিতেই ওলি ও লেখকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কমিটি অভিযুক্তদের জন্য সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের সুপারিশ করেছিল। পাশাপাশি তৎকালীন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধেও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
