নিউজ পোল ব্যুরো:২০২৬ সালের আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। দুই দফায় অনুষ্ঠিত হতে চলা এই নির্বাচনে রাজ্যের ২৯৪টি আসনের ভাগ্য নির্ধারিত হবে আগামী ২৩ ও ২৯ এপ্রিল। তার আগে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তরজা, পাল্টা অভিযোগ ও কাদা ছোড়াছুড়ি ইতিমধ্যেই চরমে পৌঁছেছে। এই আবহেই আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রকে ঘিরে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়েছে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলার তালিকা প্রকাশকে কেন্দ্র করে। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে প্রার্থীদের হলফনামায় উল্লেখিত অপরাধমূলক মামলার বিবরণ জনসমক্ষে আনতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই বিজেপির তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, আসানসোল দক্ষিণের প্রার্থী তথা বিদায়ী বিধায়ক অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে মোট ২২টি ফৌজদারি মামলা (Agnimitra Paul criminal cases) বিভিন্ন থানায় নথিভুক্ত রয়েছে, যা বর্তমানে বিভিন্ন আদালতে বিচারাধীন।
আরও পড়ুন:https://thenewspole.com/2026/03/29/surya-guru-kendra-drishti-yog-april-sunday-horoscope-benefits/
তবে এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় হল, উল্লিখিত কোনও মামলাতেই এখনও পর্যন্ত অগ্নিমিত্রা পাল দোষী সাব্যস্ত হননি। বিজেপির তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই মামলাগুলি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যে দায়ের করা হয়েছে। দলের দাবি, একজন সক্রিয় ও সরব বিরোধী মুখ হিসেবে অগ্নিমিত্রাকে চাপে রাখতেই এই আইনি জটিলতা তৈরি করা হয়েছে। একই সঙ্গে তাঁকে “লড়াকু নেত্রী” হিসেবে তুলে ধরে তাঁর উন্নয়নমূলক কাজ, সাংগঠনিক দক্ষতা এবং জনসংযোগকেই ভোটের মূল হাতিয়ার হিসেবে সামনে রাখছে গেরুয়া শিবির।
অন্যদিকে, এই ইস্যুকে হাতিয়ার করে শাসকদল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছে। তৃণমূলের বক্তব্য, এত সংখ্যক ফৌজদারি মামলায় জড়িত একজন প্রার্থীকে সামনে রেখে বিজেপি স্বচ্ছ রাজনীতির দাবি করতে পারে না। তাঁদের অভিযোগ, অপরাধমূলক অভিযোগে ঘেরা প্রার্থীদের প্রাধান্য দিয়ে বিজেপি ভোটের রাজনীতিতে ভুল বার্তা দিচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের আসানসোল দক্ষিণ কেন্দ্রের লড়াই অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। ২০২১ সালের নির্বাচনে এই কেন্দ্র থেকে অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul criminal cases) তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষকে পরাজিত করে জয়লাভ করেছিলেন। ফলে এই কেন্দ্রটি ইতিমধ্যেই রাজনৈতিকভাবে স্পর্শকাতর হয়ে উঠেছে।
এবার তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে প্রার্থী করেছে অভিজ্ঞ রাজনীতিক তাপস বন্দ্যোপাধ্যায়কে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও এলাকার সঙ্গে নিবিড় যোগাযোগকে হাতিয়ার করে তিনি ভোটের ময়দানে নেমেছেন। ফলে একদিকে বিদায়ী বিধায়কের উন্নয়নমূলক কাজের দাবি, অন্যদিকে তাঁর বিরুদ্ধে থাকা মামলার সংখ্যা—এই দুই ইস্যুকে সামনে রেখেই গড়ে উঠছে এবারের নির্বাচনী সমীকরণ।
সবমিলিয়ে, আসানসোল দক্ষিণে এবার লড়াই দাঁড়িয়েছে ‘উন্নয়ন বনাম বিতর্ক’-এর মঞ্চে। রাজনৈতিক দলগুলি নিজেদের মতো করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চালাচ্ছে। এখন দেখার, শেষ পর্যন্ত ভোটাররা কাকে বেছে নেন—অভিজ্ঞতার উপর ভরসা নাকি বিতর্ক সত্ত্বেও লড়াকু ভাবমূর্তির ওপর আস্থা। চূড়ান্ত উত্তর মিলবে আগামী ৪ মে, যখন ঘোষণা হবে নির্বাচনের ফলাফল।
