নিউজ পোল ব্যুরো:আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যে নিরাপত্তা বলয় জোরদার করতে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে একাধিক কোম্পানির কেন্দ্রীয় বাহিনী (Central forces controversy West Bengal)। নির্বাচন-পূর্ব অশান্তি রুখতে কমিশনের তরফে জওয়ানদের জন্য নির্দিষ্ট আচরণবিধি জারি করা হলেও, তারই ধারাবাহিক লঙ্ঘনের অভিযোগে ফের বিতর্কে কেন্দ্রীয় বাহিনীর একাংশ।
আরও পড়ুন:https://thenewspole.com/2026/03/29/rahul-arunoday-banerjee-death-digha-shooting-accident/
সম্প্রতি বীরভূম জেলার সিউড়িতে অবস্থিত তৃণমূল কংগ্রেসের জেলা পার্টি কার্যালয়ে ঢুকে তিন কেন্দ্রীয় জওয়ানকে (Central forces controversy West Bengal) ক্যারাম খেলতে দেখা যাওয়ার একটি ভিডিও সামনে আসে, যা ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও ভাইরাল ওই ভিডিওর সত্যতা এখনও আনুষ্ঠানিকভাবে যাচাই করা হয়নি, তবুও কমিশন সূত্রে জানা গিয়েছে, কর্তব্যরত অবস্থায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সংশ্লিষ্ট তিন জওয়ানকে অবিলম্বে সাসপেন্ড করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ জারি হয়েছে।
উল্লেখ্য, এর আগেও মুর্শিদাবাদ জেলায় একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে আতিথেয়তা গ্রহণের অভিযোগে সাত জওয়ানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশিকা অনুযায়ী, দায়িত্ব পালনকালে কোনওরূপ আতিথেয়তা গ্রহণ বা অপ্রাসঙ্গিক সামাজিক মেলামেশা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সেই ঘটনায় দুই জওয়ানকে প্যারামিলিটারি হেফাজতে পাঠানো হয় এবং বাকি পাঁচজনকে রাজ্যের বাইরে স্থানান্তর করা হয়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
এরপরও পুনরায় অনুরূপ অভিযোগ সামনে আসায় নির্বাচন কমিশনের কঠোর অবস্থান আরও স্পষ্ট হয়েছে। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, নির্বাচনী দায়িত্বে থাকা বাহিনীর নিরপেক্ষতা ও পেশাগত আচরণবিধি কোনওভাবেই লঙ্ঘিত হতে দেওয়া হবে না।
ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সিউড়ির বিজেপি নেতৃত্ব এই ঘটনায় হতাশা প্রকাশ করেছে। অন্যদিকে, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় দাবি করেছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তৃণমূল কার্যালয়কে নিরাপদ স্থান বলেই সেখানে সময় কাটাচ্ছিলেন।
সমগ্র ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিবেশে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে, এবং নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে ফের প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা।
