Rooqma Ray: ভুয়ো প্রচারে বিভ্রান্তি! নতুন ধারাবাহিকে ফেরা নিয়ে স্পষ্ট জবাব দিলেন রুকমা রায়

পেজ 3

নিউজ পোল ব্যুরো: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই ভাইরাল হয়ে ওঠে একটি ভিডিও, যেখানে দেখা যায় অভিনেত্রী রুকমা রায় (Rooqma Ray) একটি মন্দিরে পুজো দিচ্ছেন। তাঁর সঙ্গে রয়েছেন পরিবারের সদস্যরাও। ভিডিওটিকে ঘিরে দ্রুত ছড়িয়ে পড়ে জল্পনা— এটি নাকি তাঁর নতুন ধারাবাহিকের দৃশ্য, এবং খুব শিগগিরই ছোটপর্দায় ফিরতে চলেছেন তিনি।

আরও পড়ুন:Bhumi Pednekar: আকাশছোঁয়া দাম! বোতলের জলে ‘হিমালয়ের ছোঁয়া’, নিজের ব্র্যান্ড নিয়ে ব্যাখ্যায় ভূমি!

এই খবর ছড়াতেই ভক্তদের মধ্যে তৈরি হয় উচ্ছ্বাস। অনেকেই ধরে নেন, জনপ্রিয় ধারাবাহিক ‘এসআইটি বেঙ্গল’ শেষ হওয়ার পর খুব বেশি দিন বিরতি না নিয়ে আবারও নতুন কোনও প্রজেক্টে দেখা যাবে তাঁকে। কিন্তু এই সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটালেন অভিনেত্রী নিজেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রুকমা রায় (Rooqma Ray) স্পষ্টভাবে জানান, ভাইরাল হওয়া ভিডিও এবং নতুন ধারাবাহিকের খবর— দু’টিই সম্পূর্ণ ভুয়ো। তিনি কিছুটা মজার ছলেই বলেন, “এমনটা যদি সত্যি হত, তাহলে তো খুবই ভাল লাগত! শেষমেশ প্রোমো পর্যন্ত তৈরি হয়ে গেল! কিন্তু না, এর কোনওটাই সত্যি নয়।” তাঁর কথায় পরিষ্কার, আপাতত নতুন কোনও ধারাবাহিকে অভিনয়ের পরিকল্পনা নেই।
‘এসআইটি বেঙ্গল’ শেষ হয়েছে প্রায় দু’মাস আগে। সেই সময়টুকু তিনি নিজের মতো করে কাটাচ্ছেন। কাজের চাপ থেকে কিছুটা দূরে থেকে বিশ্রাম নেওয়ার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সময় দিচ্ছেন। কিছু দিন আগেই ঘুরে এসেছেন, সেই অভিজ্ঞতাও উপভোগ করছেন তিনি।
তবে অভিনয় থেকে একেবারেই দূরে নন রুকমা রায়। তিনি জানান, ইতিমধ্যেই তাঁর কাছে কিছু ছবির প্রস্তাব এসেছে। ওয়েব সিরিজ় বা বড়পর্দা— সব মাধ্যমেই কাজ করতে আগ্রহী তিনি। এমনকি ছোটপর্দাতেও ফিরতে আপত্তি নেই, তবে শর্ত একটাই— চরিত্রটি হতে হবে মনমতো ও চ্যালেঞ্জিং।
অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসাতেও মন দিয়েছেন অভিনেত্রী। তিনি একটি শাড়ির ব্যবসা শুরু করেছেন এবং সেটি নিয়ে যথেষ্ট ব্যস্ত রয়েছেন। সামনে একটি প্রদর্শনীরও পরিকল্পনা রয়েছে, যা নিয়ে প্রস্তুতি চলছে জোরকদমে।
সব মিলিয়ে, বর্তমানে নিজের কাজ ও পছন্দমতো জীবন কাটাতেই বেশি মনোযোগী রুকমা রায়। ভুয়ো গুঞ্জনে কান না দিয়ে, সঠিক সুযোগের অপেক্ষাতেই রয়েছেন তিনি। তাই এখনই ছোটপর্দায় তাঁর প্রত্যাবর্তন হচ্ছে না— এই বার্তাই স্পষ্ট করে দিয়েছেন অভিনেত্রী।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole