নিউজ পোল ব্যুরো: টলিপাড়ায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee Death) আকস্মিক মৃত্যু ঘিরে গোটা রাজ্য স্তব্ধ। রবিবার বিকেলে ওড়িশার তালসারিতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন আচমকাই সমুদ্রে তলিয়ে যান তিনি। ঘটনাটি ঘটার পর থেকেই উঠছে একাধিক প্রশ্ন শুটিং সেটে নিরাপত্তা ব্যবস্থা কতটা সঠিকভাবে মানা হচ্ছিল? রাহুলের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন প্রযোজনা সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানায় (Rahul Banerjee Death)। পাশাপাশি ক্ষতিপূরণের বিষয়টিও সামনে আনা হয়। তবে এত কিছুর পরও এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্স (Magic Moment Motion Picture)। এই নীরবতা ঘিরে ক্ষোভ আরও বাড়ছে ইন্ডাস্ট্রির অন্দরমহলে।
এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে টলিউডে শুটিং সংক্রান্ত নিয়মবিধি নিয়েও নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অনেক তারকাই সরব হয়েছেন এবং একটি পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন। তাদের বক্তব্য, এই ধরনের দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা জরুরি। সূত্রের খবর, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar) এই ঘটনার প্রেক্ষিতে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করতে উদ্যোগী হয়েছেন। বুধবার বিকেলে গলফগ্রিন থানায় তিনি অভিযোগ জানাতে পারেন বলে জানা গেছে। একইসঙ্গে, আর্টিস্ট ফোরামের পক্ষ থেকেও সার্ভে পার্ক থানায় পৃথক এফআইআর (FIR) দায়েরের পরিকল্পনা রয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
প্রথমে টেকনিশিয়ান স্টুডিওতে একটি জরুরি বৈঠকের কথা থাকলেও তা বাতিল হয়। পরে শোনা যায়, একটি বৈঠক বসেছিল প্রসেনজিতের বাড়িতে, যদিও তা নিয়ে মতভেদ রয়েছে। তবে শেষমেশ জানা যায়, প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে আর্টিস্ট ফোরামের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন একাধিক শিল্পী, যার মধ্যে প্রিয়াঙ্কা সরকারও ছিলেন। সেই বৈঠকেই সম্মিলিতভাবে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সতর্কবার্তা দেওয়া হয়েছে যদি দ্রুত যথাযথ পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে কর্মবিরতির ডাকও দেওয়া হতে পারে।
