নিউজ পোল ব্যুরো:হাতে গোনা আর কয়েকদিন। তারপরই সামনেই বিধানসভা নির্বাচন,তার আগেই বাংলার রাজনৈতিক পরিস্থিতি এখন তুঙ্গে। প্রথম দফার ভোটগ্রহণের আগে জনমত নিজেদের দিকে টানতে এক সুকৌশলী ও বহুমুখী রণনীতি গ্রহণ করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। শনিবার দলীয়ভাবে যে ৪০ জন ‘তারকা প্রচারক’-এর তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি বিনোদন জগত এবং নবীন নেতৃত্বের এক ভারসাম্যপূর্ণ সংমিশ্রণ লক্ষ্য করা যাচ্ছে (TMC Star Campaigners List)। এই তালিকার শীর্ষে প্রত্যাশিতভাবেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা দলের অভ্যন্তরীণ সংহতির বার্তাকেই স্পষ্ট করে।
তবে এবারের তালিকার রাজনৈতিক বিশ্লেষকদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে বীরভূমের বিতর্কিত অথচ প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডলের নাম। দীর্ঘ অন্তরাল এবং জেলা নেতৃত্বের অন্দরে কাজল শেখের সঙ্গে চলা তথাকথিত স্নায়ুযুদ্ধের আবহে অনুব্রতর এই প্রত্যাবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বীরভূমের রুক্ষ মাটিতে তাঁর সাংগঠনিক নিয়ন্ত্রণকে যে দল এখনো অপরিহার্য মনে করছে, এই তালিকায় তাঁর অন্তর্ভুক্তি সেই সত্যেই সিলমোহর দিল। এবারের তালিকার অন্যতম বিস্ময় প্রতিকুর রহমান। বাম্পন্থী আদর্শ বিসর্জন দিয়ে মাত্র কয়েক সপ্তাহ আগে যাঁর তৃণমূলের পতাকা ধারণ ছিল সংবাদ শিরোনামে, প্রচারের সামনের সারিতে তাঁর উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে যে, বিরোধী শিবিরের জনভিত্তিতে ধস নামাতে তাঁর ভাবমূর্তিকে ঢাল হিসেবে ব্যবহার করতে চায় জোড়াফুল শিবির। পাশাপাশি, গ্ল্যামার ও আভিজাত্যের মিশেলে রাজ্যসভার সাংসদ তথা বিশিষ্ট অভিনেত্রী কোয়েল মল্লিক এবং জনপ্রিয় অভিনেতা দেব-এর উপস্থিতি জনসভার আকর্ষণে বাড়তি মাত্রা যোগ করবে। এই তালিকায় সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য ও মানস ভুঁইয়ার মতো পোড়খাওয়া নেতাদের যেমন গুরুত্ব দেওয়া হয়েছে, তেমনই কুণাল ঘোষ, মহুয়া মৈত্র এবং দেবাংশু ভট্টাচার্যের মতো প্রখর বাগ্মীদের রাখা হয়েছে প্রতিপক্ষের যুক্তিশরকে খণ্ডন করার জন্য। তৃণমূলের এই প্রচার তালিকায় (TMC Star Campaigners List) বৈচিত্র্যের ছোঁয়া স্পষ্ট। ইউসুফ পাঠান ও কীর্তি আজাদের মতো ক্রীড়াব্যক্তিত্ব থেকে শুরু করে রচনা বন্দ্যোপাধ্যায়, রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ এবং শত্রুঘ্ন সিনহার মতো রুপোলি পর্দার তারকাদের উপস্থিতিতে এক ‘মেগা শো’-এর প্রস্তুতি সারা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
শাসকদলের এই নক্ষত্রখচিত বিন্যাস বিশ্লেষণ করলে প্রতীয়মান হয় যে, তৃণমূল কংগ্রেস কেবল আবেগের ওপর ভিত্তি করে নয়, বরং আঞ্চলিক রাজনৈতিক সমীকরণ ও জনপ্রিয়তার ব্যাকরণ মেনেই দাবার ঘুঁটি সাজিয়েছে। রাজনীতির চাণক্যনীতি আর বিনোদন জগতের আকর্ষণী শক্তির এই যুগলবন্দি ব্যালট বক্সে কতটা সাফল্যের প্রতিফলন ঘটায়, এখন সেটাই দেখার।
