PM Narendra Modi : হলদিয়ার সভা থেকে চাকরি দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে কটাক্ষ মোদীর, ক্ষমতায় এলে ‘রোজগার মেলা’র প্রতিশ্রুতি

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে রাজনৈতিক লড়াই ক্রমশ তীব্র হচ্ছে (WB Assembly Election)। এই প্রেক্ষাপটে বেকারত্ব ও চাকরি দুর্নীতিকে প্রধান ইস্যু হিসেবে তুলে ধরেছে ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার হলদিয়ার নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) সরাসরি আক্রমণ শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সভামঞ্চে দাঁড়িয়ে তিনি ২০২১ সালের নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ( CM Mamata Banerjee) দেওয়া চাকরির প্রতিশ্রুতির প্রসঙ্গ তোলেন। মোদীর (PM Narendra Modi) দাবি, তখন রাজ্যের মানুষকে ‘ডবল ডবল চাকরি’-র স্বপ্ন দেখানো হয়েছিল, কিন্তু বাস্তবে তা পূরণ হয়নি। তার কথায়, ‘চাকরির বদলে বাংলার যুবকদের দেওয়া হয়েছে ডবল ডবল ধোঁকা।’

আরও পড়ুন: Narendra Modi: মাছে-ভাতে বাঙালিতেই নজর মোদীর! মৎস্য উৎপাদন নিয়ে রাজ্যকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী (PM Narendra Modi) আরও অভিযোগ করেন, রাজ্যে শিল্পের অভাব এবং নতুন কারখানা না হওয়ায় কর্মসংস্থানের সুযোগ ক্রমশ কমছে। শুধু সরকারি ক্ষেত্র নয়, বেসরকারি ক্ষেত্রেও নিয়োগের সুযোগ সংকুচিত হয়েছে বলে তার দাবি। পাশাপাশি তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের অগ্রাধিকার দেওয়ার অভিযোগও তোলেন, যা নিয়ে তিনি রাজ্যের সাধারণ মানুষের বঞ্চনার কথা তুলে ধরেন। এদিকে, ২০২১ সালের নির্বাচনে প্রত্যাশা পূরণ না হলেও বিজেপি তাদের ভোটব্যাঙ্ক উল্লেখযোগ্যভাবে বাড়াতে সক্ষম হয়েছিল। তবে সরকার গঠন করতে ব্যর্থ হওয়ায় এবার ২০২৬-এ ক্ষমতা দখলের লক্ষ্যে আরও জোরদার প্রচার শুরু করেছে গেরুয়া শিবির। সেই লক্ষ্যেই বারবার বাংলায় আসছেন মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

হলদিয়ার সভা থেকে প্রধানমন্ত্রী (PM Narendra Modi) আশ্বাস দিয়ে বলেন, বিজেপি (BJP) ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলবে। অন্যান্য বিজেপি-শাসিত (BJP) রাজ্যের মতো এখানেও ‘রোজগার মেলা’ আয়োজন করা হবে, যার মাধ্যমে যুবকদের হাতে চাকরির সুযোগ তুলে দেওয়া হবে। তিনি আরও বলেন, ‘প্রত্যেক নাগরিকের প্রাপ্য অধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। বাংলার মানুষকে উন্নয়নের মূল স্রোতে ফেরাতে বিজেপি (BJP) বদ্ধপরিকর।’ তার এই বক্তব্য স্পষ্ট করে দেয়, আগামী নির্বাচনে কর্মসংস্থান ও দুর্নীতির ইস্যুকেই হাতিয়ার করে এগোতে চাইছে বিজেপি (BJP)।