Amarnath Yatra 2026 : অমরনাথ যাত্রা ২০২৬-এর নির্ঘণ্ট ঘোষণা, ৩ জুলাই থেকে শুরু পবিত্র তীর্থযাত্রা

ভ্রমণ

নিউজ পোল ব্যুরো: হিমালয়ের দুর্গম অরণ্য আর তুষারাবৃত গুহায় মহাদেবের অলৌকিক তুষারলিঙ্গ দর্শনের অপেক্ষায় থাকা ভক্তদের জন্য এল বড় সুখবর। ঘোষিত হল ২০২৬ সালের অমরনাথ যাত্রার পূর্ণাঙ্গ সূচি (Amarnath Yatra 2026)। আগামী ৩ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে চলেছে এই ঐতিহ্যবাহী তীর্থযাত্রা, যা চলবে টানা ৫৭ দিন। সমাপ্তি হবে ২৮ আগস্ট, পবিত্র রাখি পূর্ণিমার দিনে (Amarnath Yatra 2026)। এই দীর্ঘ যাত্রাকে ঘিরে ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীরের উপত্যকাজুড়ে শুরু হয়েছে জোর প্রস্তুতি। যাত্রা শুরুর আগে ধর্মীয় আচার অনুযায়ী পালিত হবে ‘প্রথম পুজো’। ২৯ জুন জ্যৈষ্ঠ পূর্ণিমার শুভ তিথিতে ভগবান শিবের আরাধনার মাধ্যমে শুরু হবে এই পবিত্র আয়োজনের সূচনা পর্ব। প্রতিবছরের মতো এবারও লক্ষাধিক ভক্তের সমাগম হবে বলে আশা করা হচ্ছে (Amarnath Yatra 2026)।

আরও পড়ুন: Gold Price Today : নববর্ষের আগে স্বস্তি! কলকাতায় কমল সোনা-রুপোর দাম, চাঙ্গা গয়নার বাজার

রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হচ্ছে ১৫ এপ্রিল থেকে। তীর্থযাত্রায় অংশ নিতে ইচ্ছুক ভক্তরা অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই নাম নথিভুক্ত করতে পারবেন (Amarnath Yatra 2026)। অফলাইনে আবেদন করার জন্য নির্দিষ্ট করা হয়েছে দেশজুড়ে বিভিন্ন ব্যাঙ্কের ৫৫৪টি শাখা, যার মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীর ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) এবং ইয়েস ব্যাঙ্ক। পাশাপাশি শ্রাইন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমেও সহজেই রেজিস্ট্রেশন করা যাবে। তবে এই তীর্থযাত্রা যেমন পবিত্র, তেমনই চ্যালেঞ্জপূর্ণ। দুর্গম পাহাড়ি পথে যাত্রার জন্য শারীরিক সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে প্রত্যেক যাত্রীর জন্য অনুমোদিত চিকিৎসকের দেওয়া বাধ্যতামূলক স্বাস্থ্য শংসাপত্র জমা দেওয়া জরুরি করা হয়েছে। এই সার্টিফিকেট ছাড়া কাউকে যাত্রার অনুমতি দেওয়া হবে না।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

যাত্রাপথ হিসেবে এবারও খোলা থাকছে দুইটি প্রধান রুট পহেলগাঁও এবং বালতাল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তা, চিকিৎসা ও থাকার ব্যবস্থা নিয়ে কোনওরকম খামতি রাখা হবে না। ইতিমধ্যেই পথে পথে লঙ্গর, মেডিক্যাল ক্যাম্প এবং অস্থায়ী আশ্রয় তৈরির কাজ শুরু হয়েছে। প্রতিকূল আবহাওয়া মাথায় রেখে যাত্রীদের গরম পোশাক, প্রয়োজনীয় ওষুধ ও জরুরি সামগ্রী সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এখন থেকেই মহাদেবের দর্শনের আশায় প্রস্তুতি নিতে শুরু করেছেন ভক্তরা (Amarnath Yatra 2026)।