সঙ্গীতা ঘোড়ুই :শরতের পুজোর লম্বা ছুটিতে অনেকেই শহরের ভিড়ভাট্টা এড়িয়ে শান্ত পাহাড়ি গ্রামে কিছুটা সময় কাটাতে চান। আপনার জন্য সেই আদর্শ গন্তব্য হতে পারে কার্শিয়াং পাহাড়ের কোলে অবস্থিত ছোট্ট গ্রাম দিলারাম (Dilaram village)। অফবিট এই পাহাড়ি উপত্যকা যেন প্রকৃতিপ্রেমীদের স্বর্গরাজ্য। এখানে হাতের কাছে ধরা দেয় ভেসে আসা সাদা তুলোর মতো মেঘ। কখনও আবার হাওয়ার দোলায় জলকণা এসে আটকে যায় চুলের ডগায়, যেন মুক্তোর মালা। কবি জয় গোস্বামীর “মেঘ বালিকা”-র রূপকথার মতোই এক অপার্থিব আবহ ছড়িয়ে থাকে গ্রামজুড়ে।

নিউ জলপাইগুড়ি (NJP railway station) থেকে দিলারামের দূরত্ব প্রায় ৪৫ কিলোমিটার। কার্শিয়াং (Kurseong town) থেকে মাত্র ৮ কিলোমিটার পথ। তাই খুব সহজেই পৌঁছে যাওয়া যায় এই নিরিবিলি গ্রামে। পাহাড়ি আঁকাবাঁকা পথ, চারপাশে সবুজ চা বাগান (Tea Garden), মাঝেমধ্যে লেকের ধারে ছিপ ফেলে মাছ ধরার সুযোগ—সব মিলিয়ে দিলারাম প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে কাটানোর এক অনন্য জায়গা।
আরও পড়ুন: Mamata Banerjee: জুবিন গার্গের প্রয়াণে শোকস্তব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়
গ্রামে ঘুরে দেখার মতো বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে। আছে প্রাচীন শিবমন্দির, রয়েছে বৌদ্ধ গুরু রিম্পোচের পাথরে খোদাই করা মূর্তি। দিলারাম থেকে মাত্র দশ কিলোমিটার দূরে ভানজাং স্যালামান্ডার হ্রদ (Bhanjang Salamander Lake), যেখানে দেখা মেলে হিমালয় স্যালামান্ডার (Himalayan Salamander)-এর মতো প্রাচীন প্রাণীর। এখান থেকে ঘুরে আসতে পারেন মার্গারেট’স হোপ টি এস্টেট (Margaret’s Hope Tea Estate), যা বিশ্বের সেরা চা উৎপাদনের জন্য খ্যাত। আবার প্রকৃতিপ্রেমী বা ট্রেকিং (Trekking) প্রেমীদের জন্য রয়েছে চটকপুর ভিউ পয়েন্ট, যেখানে ম্যাগনোলিয়া, বাদাম এবং এলাচের বাগান মন ভরিয়ে দেবে।

দিলারাম থেকে মিরিক (Mirik Lake), রংবাং (Rongbang Valley) অথবা দার্জিলিং (Darjeeling town)-এও সহজেই ভ্রমণ করা যায়। স্থানীয় ছোট গাড়ি কিংবা লোকাল ট্যাক্সি (Local Taxi Service) ভাড়া পাওয়া যায়। খরচ পড়বে আনুমানিক সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকার মধ্যে। থাকার জন্য রয়েছে গ্রামীণ হোমস্টে (Homestay), যেখানে মাথাপিছু ভাড়া দেড় হাজার টাকার কাছাকাছি। বেশিরভাগ হোমস্টেতে রয়েছে শিশুদের খেলার জায়গা, ব্যালকনিতে বসে মেঘ-চা-বাগান দেখা, এমনকি স্থানীয় খাবারের স্বাদ নেওয়ার সুযোগও। এছাড়া রাস্তার পাশে পর্যটন দপ্তরের ‘পথে সাথী (Pothey Saathi)’ কম খরচে থাকার জন্য ভরসাযোগ্য জায়গা।

শিয়ালদহ থেকে ট্রেনে নিউ জলপাইগুড়ি পৌঁছে, কিংবা শিলিগুড়ি (Siliguri) ও বাগডোগরা (Bagdogra airport) হয়ে গাড়ি ভাড়া করলেই পৌঁছে যাবেন কার্শিয়াং পাহাড়ের বুকে লুকিয়ে থাকা এই ছোট্ট স্বর্গ ‘দিলারাম’। শহরের কোলাহল ভুলে শান্তির খোঁজে গেলে একবার ঘুরে আসতেই পারেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
