নিউজ পোল ব্যুরো: টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণের শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি বাংলা চলচ্চিত্র জগৎ (Rahul Arunoday Banerjee Death)। তালসারিতে শুটিং চলাকালীন তার রহস্যমৃত্যুর তদন্ত এখনও চললেও, স্মৃতির ভাঁজে বারবার ফিরে আসছেন তিনি তার পরিবার, বন্ধু এবং সহকর্মীদের কাছে। সম্প্রতি দক্ষিণ কলকাতার বিজয়গড়ে আয়োজন করা হয়েছিল রাহুলের এক আবেগঘন স্মরণসভার। সেখানে উপস্থিত ছিলেন তার ঘনিষ্ঠজন, বন্ধু এবং টলিউড ইন্ডাস্ট্রির বহু পরিচিত মুখ। স্মরণসভার পরিবেশ ছিল গভীর আবেগে মোড়া। রাহুলের দাদা অনির্বাণ বন্দ্যোপাধ্যায় ভাইয়ের স্মৃতিচারণা করতে গিয়ে নিজেকে সামলে রাখতে পারেননি (Rahul Arunoday Banerjee Death)। তার চোখে জল আর কণ্ঠে বেদনার ছাপ স্পষ্ট ছিল।
আরও পড়ুন: Amarnath Yatra 2026 : অমরনাথ যাত্রা ২০২৬-এর নির্ঘণ্ট ঘোষণা, ৩ জুলাই থেকে শুরু পবিত্র তীর্থযাত্রা
এই দিন অনির্বাণ একটি কালো টি-শার্ট পরে অনুষ্ঠানে যোগ দেন, যার ওপর লেখা ছিল ‘সহজ কথা’। তিনি জানান, এই টি-শার্টটি রাহুল নিজেই তাকে উপহার দিয়েছিলেন। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “এই বাড়িতেই রাহুলের পৈতে হয়েছিল। আজ সেই একই জায়গায় ওর স্মরণসভা হচ্ছে অদ্ভুত লাগছে। এই টি-শার্টটা বাবিন (রাহুলের ডাকনাম) আমাকে দিয়েছিল, এটাই ওর দেওয়া শেষ উপহার।” অন্যদিকে, রাহুলের মৃত্যুকে ঘিরে তদন্তে নয়া মোড় এসেছে। তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের অভিযোগের ভিত্তিতে ওড়িশার তালসারি মেরিন থানায় একটি মামলা দায়ের করা হয় গত ৫ এপ্রিল। তিনি অভিযোগ করেন, এই মৃত্যুর পেছনে ষড়যন্ত্র থাকতে পারে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ওড়িশা পুলিশ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
জানা গেছে, ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন গত ২৯ মার্চ বিকেলে তালসারি সমুদ্রে ডুবে যান রাহুল। এই ঘটনায় প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’-এর কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায়, লিনা গঙ্গোপাধ্যায়, পরিচালক শুভাশিস মণ্ডল, এক্সিকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী এবং ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছে পুলিশ। তদন্তকারীরা মনে করছেন, এই ঘটনায় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। ফলে রহস্যমৃত্যুর জট আরও গভীর হচ্ছে বলেই মনে করছেন অনেকে।
