Supreme Court : সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তি! ভোটের ৪৮ ঘণ্টা আগেও তালিকায় নাম, খুশি মমতা

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: ভোটের মাত্র ৪৮ ঘণ্টা আগে পর্যন্তও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ থাকছে এমন গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত (Supreme Court)। বিশেষ সংশোধন প্রক্রিয়া বা SIR-এ যেসব ভোটারের নাম বাদ পড়েছে কিংবা যাদের নাম নিয়ে জটিলতা তৈরি হয়েছে, তাদের অনেকেই ইতিমধ্যেই ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছেন। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট (Supreme Court) জানিয়ে দিয়েছে, ২১ এপ্রিল এবং ২৭ এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনাল থেকে অনুমোদন পাওয়া ভোটারদের একটি সম্পূরক তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। ফলে, এই তালিকায় নাম থাকা ব্যক্তিরা আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

আরও পড়ুন: Abhishek Banerjee : মোদী-শাহ নন! নির্বাচন কমিশনই বিজেপির আসল ‘ট্রাম্প কার্ড’, বললেন অভিষেক

এই নির্দেশকে স্বাগত জানিয়ে উত্তরবঙ্গ থেকে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কোচবিহারের এবিএন শীল কলেজের মাঠে এক সভা থেকে তিনি বলেন, তিনি এই রায়ে অত্যন্ত সন্তুষ্ট। তার কথায়, ‘আমি খুব খুশি। শুরু থেকেই সবাইকে বলেছিলাম ধৈর্য ধরতে এবং ট্রাইব্যুনালে আবেদন করতে। অনেকেই হয়তো সেই পথই বেছে নিয়েছেন। আমিও ব্যক্তিগতভাবে মামলা করেছিলাম। আজকের এই রায়ে আমার থেকে বেশি খুশি আর কেউ নেই।’ শুধু প্রতিক্রিয়াতেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী (Mamata Banerjee), দলীয় কর্মীদের জন্য স্পষ্ট নির্দেশও দিয়েছেন। তিনি জানিয়েছেন, ২১ এপ্রিল প্রথম দফার নির্বাচনের আগে যে সম্পূরক ভোটার তালিকা প্রকাশিত হবে, সেই তালিকায় থাকা ভোটারদের দ্রুত ভোটার স্লিপ পৌঁছে দিতে হবে। তার নির্দেশ, ‘রাতের মধ্যেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার স্লিপ পৌঁছে দিতে হবে, যাতে কোনও ভোটার ভোট দেওয়া থেকে বঞ্চিত না হন।’

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

এছাড়াও তিনি উল্লেখ করেন, শেষ দফার ভোটের আগে ২৭ এপ্রিল আরেকটি সম্পূরক তালিকা প্রকাশিত হবে। সেই ক্ষেত্রেও একইভাবে দ্রুততার সঙ্গে ভোটারদের কাছে তথ্য পৌঁছে দেওয়ার ওপর জোর দেন তিনি। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)মতে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যেক নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি, এবং এই নির্দেশ সেই লক্ষ্য পূরণে সহায়ক হবে।