নিউজ পোল ব্যুরো: প্রথম দফার ভোটকে কেন্দ্র করে নির্বাচন কমিশন (Election Commission) এবার একাধিক কড়া ও নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করেছে। লক্ষ্য একটাই, ভোট প্রক্রিয়াকে শান্তিপূর্ণ, স্বচ্ছ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করা। সেই কারণেই প্রার্থীদের গতিবিধির উপর বিশেষ নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিশনের (Election Commission) নতুন নির্দেশ অনুযায়ী, ভোটগ্রহণ চলাকালীন কোনও প্রার্থী তাঁর নিজস্ব বিধানসভা কেন্দ্র ছেড়ে অন্যত্র যেতে পারবেন না। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট চলার সময়ে প্রার্থীদের নিজ নিজ এলাকায় উপস্থিত থাকতে হবে। এর মাধ্যমে ভোটের সময় অপ্রয়োজনীয় রাজনৈতিক উত্তেজনা, সংঘর্ষ বা বিশৃঙ্খলা এড়ানোর চেষ্টা করছে নির্বাচন কমিশন। প্রার্থীদের চলাফেরা ও কার্যকলাপ পর্যবেক্ষণের জন্য বিশেষ নজরদারি ব্যবস্থাও রাখা হয়েছে।
আরও পড়ুন: Amit Shah : কংগ্রেসের একক লড়াইয়ে চমক! বাংলায় খাতা খোলার ইঙ্গিত দিলেন অমিত শাহ
ভোটারদের সঠিকভাবে শনাক্ত করতে এবার বুথের বাইরে বিশেষ ভোটার সহায়তা কেন্দ্র গঠন করা হয়েছে। এই কেন্দ্রে দায়িত্বে থাকবেন বুথ লেভেল অফিসার (বিএলও) এবং তাঁদের সহকারী। পাশাপাশি নিরাপত্তার জন্য উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যরাও। ভোটারদের পরিচয়পত্র যাচাই, নাম ও সিরিয়াল নম্বর মিলিয়ে দেখা এবং হাতে ভোটের কালি রয়েছে কি না, তা খতিয়ে দেখবেন বিএলও। সব কিছু সঠিক থাকলেই ভোটারকে বুথে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
কমিশনের (Election Commission) মতে, ভোটার তালিকা যাচাইয়ের কাজের সময় বিএলওরা অনেক ভোটারকে চেনেন, ফলে ভুয়ো ভোট বা ছাপ্পা রোধে তাঁদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। তাই তাঁদের উপরেই এই দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ভোটের দিন রাজ্যজুড়ে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে কিছু এলাকায় বিশেষ বিধিনিষেধও জারি রয়েছে। সব মিলিয়ে, ভোটকে ঘিরে প্রশাসনের কড়া নজরদারি এবং সতর্কতা বজায় রাখা হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
