Arjun Singh:’গণনার দিন জালিয়াতি হতে পারে’ বিস্ফোরক অভিযোগ করলেন অর্জুন সিং!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:ভোটগণনার দিন ঘিরে রাজ্যে ক্রমশ বাড়ছে রাজনৈতিক চাপানউতোর। ফলপ্রকাশের আগেই জালিয়াতির আশঙ্কা প্রকাশ করে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা অর্জুন সিং (Arjun Singh)। তাঁর অভিযোগ, কম্পিউটার হ্যাক করে ভোটের ফলাফল বদলে দেওয়ার চেষ্টা হতে পারে। এমনকি তথ্য প্রবেশের কাজে চুক্তিভিত্তিক কর্মীদের নিযুক্ত করে পরিকল্পিতভাবে ফল প্রভাবিত করার চেষ্টার কথাও তুলে ধরেন তিনি।

আরও পড়ুন:https://thenewspole.com/2026/05/03/humayun-kabir-conditional-support-tmc-west-bengal-election/

অর্জুন সিংয়ের (Arjun Singh) দাবি, উত্তর ২৪ পরগনায় বিজেপি ২৬টি আসনে জয়ী হবে এবং দলের ফল এবার উল্লেখযোগ্যভাবে ভালো হবে। সেই কারণেই ফলাফল বদলে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে বলে তাঁর অভিযোগ। তিনি আরও বলেন, তথ্য প্রবেশের মতো গুরুত্বপূর্ণ কাজে চুক্তিভিত্তিক কর্মীদের যুক্ত করা হলে তা নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। যদিও নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, এই ধরনের কাজে কোনও চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা যাবে না। তা সত্ত্বেও কীভাবে তারা যুক্ত হচ্ছেন, সেই প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা।

এদিকে তৃণমূলের বিরুদ্ধেই এই অভিযোগ তুলতে গিয়ে অর্জুন সিং সরাসরি আক্রমণ করেছেন রাজীব কুমারকে, তাঁকে ‘হ্যাকার’ বলেও কটাক্ষ করেন তিনি। তাঁর দাবি, ভোট লুটের উদ্দেশ্যে পরিকল্পনা করে তথ্য প্রবেশে হস্তক্ষেপের চেষ্টা হতে পারে এবং বিজেপি সবদিক থেকে তা প্রতিহত করবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole

অন্যদিকে, ভোটগণনার দিন সব প্রার্থী ও এজেন্টদের সতর্ক থাকার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আশঙ্কা, গণনার পরে তথ্য তোলার সময় কারচুপি হতে পারে। তাই সঠিক তথ্য তোলা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে দলের প্রতিনিধিদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

ভোটগণনার আগেই অশান্তির ছায়া নেমেছে নোয়াপাড়ায়। বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। সেই ঘটনার ছবি সিসিটিভিতে ধরা পড়েছে বলেও জানা গিয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে, যা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে।