Dilip Ghosh:“অস্তিত্বহীনতার পথে যাচ্ছে দল” তৃণমূলকে তীব্র আক্রমণ দিলীপ ঘোষের!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:ফলতা বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। গেরুয়া শিবিরের দাবি, এই নির্বাচনে এক লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ‘পুষ্পা’ জাহাঙ্গির খান কার্যত জামানত হারানোর মুখে পড়েছেন বলে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। একইসঙ্গে বিরোধী শিবিরে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিআইএম। ফলাফল প্রকাশের পরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস ক্রমশ রাজনৈতিকভাবে অস্তিত্বহীনতার দিকে এগোচ্ছে। অতীতে “ভোট কারচুপি” ও “ভয়ের পরিবেশ” তৈরি করে তৃণমূল ক্ষমতায় এসেছে বলে অভিযোগ করে তিনি বলেন, সেই পরিস্থিতি বদলাতে শুরু করায় এখন জনগণ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করছে।

আরও পড়ুন:Falta Repoll:ফলতার উপনির্বাচনে রাজনৈতিক চমক! বিজেপির বিপুল জয়, তৃণমূল চতুর্থে, দ্বিতীয় স্থানে সিপিএম!

দিলীপ ঘোষের (Dilip Ghosh) মতে, অনুপ্রবেশ ও ভয়ভীতির রাজনীতি থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষের সমর্থন ক্রমশ বিজেপির দিকে ঝুঁকছে, যার ফলই প্রতিফলিত হয়েছে সাম্প্রতিক নির্বাচনী ফলে। পাশাপাশি সিপিআইএমের দ্বিতীয় স্থানে উঠে আসা নিয়েও তিনি কটাক্ষ করে বলেন, বামেদের প্রতি জনসমর্থন পুনরুদ্ধারের আর কোনও সম্ভাবনা নেই।

তিনি আরও দাবি করেন, দীর্ঘদিন ধরে আতঙ্কের পরিবেশে ভোট প্রক্রিয়া প্রভাবিত হয়েছিল, যা এখন অনেকটাই কাটিয়ে উঠছে মানুষ। সেই কারণেই বিজেপির ভোট শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং সামগ্রিক ফলাফল তাদের অনুকূলে গেছে বলে তাঁর অভিমত।

তৃণমূল কংগ্রেসকে নিশানা করে তিনি বলেন, জনমানসে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করেও তা ব্যর্থ হয়েছে। পাশাপাশি রাজ্যের কৃষি ও মাছচাষ প্রসঙ্গ টেনে তিনি কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে রাজ্য সরকারের ব্যর্থতার অভিযোগ তোলেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole

হোল্ডিং সেন্টার সংক্রান্ত রাজ্য সরকারের নির্দেশ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি জানান, বিষয়টি তাঁর দফতরের আওতার বাইরে হলেও সীমান্ত নিরাপত্তা জোরদার করতে এমন পদক্ষেপ হলে তা জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ হতে পারে।