নিউজ পোল ব্যুরো:রাজারহাট-নিউটাউনের (Rajarhat Newtown) বাবলাতলা মোড়ে একসময় নির্বাচনী প্রচারকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছিল তুঙ্গে। বিজেপির অভিযোগ, ভোটের সময় এই এলাকায় তাদের প্রচার কর্মসূচিতে বাধা সৃষ্টি করা হয়েছিল। সেই একই বাবলাতলাতেই এবার উৎসবমুখর পরিবেশে বিজেপির উদ্যোগে আয়োজিত হল নবনির্বাচিত বিধায়ক পীযূষ কানোডিয়ার নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান এবং কৃতী ছাত্রছাত্রীদের সম্মাননা প্রদান।
আরও পড়ুন:দক্ষিণ দমদমের দেবরাজ ঘনিষ্ঠ TMC কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু, রাজনৈতিক মহলে চাঞ্চল্য!
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট-নিউটাউন (Rajarhat Newtown) কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক পীযূষ কানোডিয়া, স্থানীয় বিজেপি নেতৃত্ব, কর্মী-সমর্থক এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। মঞ্চ থেকে বিধায়ককে ফুলের তোড়া, উত্তরীয় ও স্মারক দিয়ে সংবর্ধনা জানানো হয়।
শুধু রাজনৈতিক কর্মসূচিই নয়, একই মঞ্চে এলাকার প্রায় ২০০ জন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীকে সংবর্ধিত করা হয়। তাদের হাতে সম্মানপত্র ও স্মারক তুলে দেওয়া হয়। পড়ুয়াদের এই স্বীকৃতি অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।
বিজেপি নেতৃত্বের বক্তব্য, যে জায়গায় একসময় তাদের রাজনৈতিক কর্মসূচি নিয়ে বাধার অভিযোগ ছিল, আজ সেই স্থানেই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি ইতিবাচক ও সামাজিক কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। তাঁদের দাবি, এই অনুষ্ঠান শুধু একজন বিধায়ককে সংবর্ধনা দেওয়ার জন্য নয়, নতুন প্রজন্মের মেধা ও সাফল্যকে সম্মান জানানোরও একটি উদ্যোগ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole
বক্তব্য রাখতে গিয়ে পীযূষ কানোডিয়া কৃতী ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে শিক্ষা, কর্মসংস্থান ও এলাকার উন্নয়নের লক্ষ্যে কাজ করার আশ্বাস দেন। তিনি বলেন, এলাকার তরুণ প্রজন্মই আগামী দিনের শক্তি এবং তাদের এগিয়ে যাওয়ার জন্য সবরকম সহযোগিতা করা হবে।
একসময়ের রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু বাবলাতলা মোড় এদিন পরিণত হয়েছিল সম্মান, স্বীকৃতি এবং উৎসবের মঞ্চে। নবনির্বাচিত বিধায়কের সংবর্ধনা ও কৃতী পড়ুয়াদের সম্মাননা ঘিরে এলাকাজুড়ে ছিল উৎসাহ ও আনন্দের আবহ।
