মালদা মেডিক্যালে রক্তের কালোবাজারি! ব্লাড ব্যাঙ্কে হানা পুলিশের, কর্মী-সহ গ্রেপ্তার ৩ পাণ্ডা

অপরাধ আইন

নিউজপোল ব্যুরোঃ মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ। টাকার বিনিময়ে অবৈধভাবে রক্ত বিক্রির অভিযোগে ব্লাড ব্যাঙ্কের গ্রুপ D-র এক কর্মী-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে হাসপাতাল চত্বরে। সূত্রের খবর অভিযোগ, দীর্ঘদিন ধরেই অসহায় রোগীর পরিবারগুলিকে টার্গেট করে চলছিল এই রক্তের কালোবাজারি।পুলিশ সূত্রে খবর, সরকারি নিয়ম অনুযায়ী ব্লাড ব্যাঙ্ক থেকে নির্দিষ্ট প্রক্রিয়া মেনেই রক্ত পাওয়ার কথা। কিন্তু অভিযুক্তরা সেই সুযোগকে কাজে লাগিয়ে রোগীর আত্মীয়দের কাছ থেকে মোটা টাকাদাবী করতো ও আদায় করছিল।

তদন্তে উঠে এসেছে, এক ইউনিট রক্তের জন্য কখনও ৩ হাজার, আবার কখনও ৪ হাজার টাকা পর্যন্ত নেওয়া হত। অভিযোগ, ব্লাড ব্যাঙ্কের ভিতরেই দালালচক্র রোগীর পরিবারকে ফাঁদে ফেলত।
গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ব্লাড ব্যাঙ্ক চত্বরে হানা দেয় ইংরেজবাজার থানার পুলিশ। সেখানেই হাতেনাতে ধরা পড়ে অভিযুক্তরা। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ব্লাড ব্যাঙ্কের এক গ্রুপ-ডি কর্মীও। পুলিশী আধিকারিকদের অনুমান, এই চক্রের সঙ্গে আরও কয়েকজন দালাল জড়িত থাকতে পারে, যারা দীর্ঘদিন ধরে এই বেআইনি ব্যবসা চালাচ্ছিল।
ঘটনা প্রকাশ্যে আসতেই হাসপাতাল কতৃপক্ষ ও প্রশাসনের ভূমিকা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন। যদিও মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ পুরো ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশদের। পাশাপাশি এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা নিয়ে খতিয়ে দেখতে শুরু হয়েছে জোরদার তদন্ত।

সূত্রের দাবি, অনেক ক্ষেত্রেই ভুয়ো রোগীর আত্মীয় সেজে ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বের করে বাইরে চড়া দামে বিক্রি করা হত। স্বেচ্ছায় রক্তদান শিবিরগুলিকেও টাকার লোভ দেখিয়ে কাজে লাগানো হত বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের অন্দরেও নড়াচড়া শুরু হয়েছে। দীর্ঘদিন ধরেই পর্দার আড়ালে চলছিল রক্তের এই অবৈধ কারবার। মানবিক পরিষেবাকে হাতিয়ার করে কিছু অসাধু ব্যক্তি অতিরিক্ত টাকার লোভে অসহায় মানুষের পরিস্থিতিকে কাজে লাগাচ্ছিল বলে অভিযোগ। রোগীর পরিবারের অসহায়তার সুযোগ নিয়ে তৈরি হয়েছিল এক গোপন দালালচক্র, যেখানে মানবতার চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছিল ব্যক্তিগত স্বার্থ আর মোটা অঙ্কের টাকা। তদন্তকারীদের অনুমান, দ্রুত লাভের আশায় এই চক্র ধীরে ধীরে আরও সক্রিয় হয়ে ওঠে এই কালোবাজারির জাল। এখন প্রশ্ন উঠছে, মানুষের জীবনরক্ষাকারী রক্ত নিয়েও যদি ব্যবসা হয়, তবে সাধারণ মানুষের ভরসার জায়গা কোথায়?

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কঃ :https://youtube.com/@newspolebangla