নিউজপোল ব্যুরো(চুঁচুড়া): গঙ্গার বুকে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হলেন এক মৎস্যজীবী। গতকাল বিকেলে চুঁচুড়ার চাঁদনী ঘাট সংলগ্ন গঙ্গায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। প্রবল ঝড়ে মাঝনদীতে উল্টে যায় একটি ডিঙি নৌকা। নৌকায় থাকা দুই মৎস্যজীবীর মধ্যে একজন সাঁতরে তীরে ফিরতে সক্ষম হলেও অপরজনের কোনো হদিশ পাওয়া যায়নি বলেই সূত্রের খবর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চকবাজার এলাকার বাসিন্দা অমিত মণ্ডল ও খোকন মণ্ডল প্রতিদিনের মতো এদিনও মাছ ধরতে গঙ্গায় নেমেছিলেন। বিকেলের দিকে মাঝগঙ্গায় মাছ ধরতে ব্যস্ত থাকাকালীন আচমকাই আবহাওয়ার পরিবর্তন হয়। মুহূর্তের মধ্যে কালমেঘে ছেয়ে গেছিল পুরো আকাশ প্রবল ঝড়-বৃষ্টি শুরু হলে গতির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় তাঁদের ডিঙি নৌকা। খোকন মণ্ডল কোনওক্রমে সাঁতরে তীরে উঠে আসতে পারলেও অমিত মণ্ডলকে আর খুঁজে পাওয়া যায়নি। খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়। ঝড় থামার পরবর্তী মুহূর্তেই স্থানীয় মৎস্যজীবীরা নিজেদের একাগ্রতায় নদীতে নেমে তল্লাশি শুরু করেন। পরে ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনীও।
স্থানীয় কাউন্সিলর ঝন্টু বিশ্বাস জানান, চকবাজার এলাকার বহু পরিবার গঙ্গায় মাছ ধরার উপর নির্ভরশীল করেই নিজেদের জীবনযাপন করেন। নৌকা উল্টে যাওয়ার পর একজনকে উদ্ধার করা সম্ভব হলেও অমিত মণ্ডল নিখোঁজ হয়ে যান। রাত পর্যন্ত তল্লাশি চালিয়েও তাঁর কোনও সন্ধান মেলেনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গভীর উদ্বেগ ছড়িয়েছে। আজ অর্থাৎ শনিবার সকালেও উদ্ধারকাজ চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছে প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। পরিবারের সদস্যরা এখনও অমিতের ফেরার আশায় চাঁদনী ঘাটে অপেক্ষা করে চলেছেন। নদীর পাড়জুড়ে এখন শুধুই উৎকণ্ঠা আর প্রার্থনা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কঃ :–https://youtube.com/@newspolebangla
