নিউজ পোল ব্যুরো: চুলের যত্নে (Haircare) তেল ব্যবহারের চল বহু দিনের। এখনও অনেকেই নিয়ম করে মাথায় তেল মালিশ করেন, যাতে চুল থাকে মজবুত, নরম ও উজ্জ্বল। তবে বাজারে নানা ধরনের তেলের ভিড়ে অনেক সময়ই প্রশ্ন ওঠে— চুলের জন্য কোনটি বেশি উপকারী, আমলকি তেল না নারকেল তেল? দু’টিরই আলাদা গুণ রয়েছে। তাই চুলের ধরন ও সমস্যার উপর নির্ভর করেই বেছে নিতে হবে সঠিক তেল।
আরও পড়ুন:Haircare Tips: চুল পাতলা হচ্ছে? শ্যাম্পু নয়, বদলান দৈনন্দিন অভ্যাস
নারকেল তেল বহু বছর ধরেই কেশচর্চার অন্যতম জনপ্রিয় উপাদান। এতে রয়েছে ফ্যাটি অ্যাসিড, বিশেষ করে লরিক অ্যাসিড, যা চুলের গভীরে পৌঁছে আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। শুষ্ক ও রুক্ষ চুলকে নরম রাখতে নারকেল তেলের জুড়ি মেলা ভার। পাশাপাশি এতে থাকা অ্যান্টি-ব্যাক্টেরিয়াল এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান মাথার ত্বকের ছোটখাটো সংক্রমণ কমাতেও সাহায্য করে।
অন্য দিকে, আমলকি তেল ভেষজ গুণে ভরপুর। এতে রয়েছে ভিটামিন ই, অ্যান্টি-অক্সিড্যান্ট, ট্যানিন এবং ক্যালশিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান। যাঁদের অল্প বয়সেই চুল পেকে যাচ্ছে, অতিরিক্ত চুল পড়ছে বা খুশকির সমস্যা রয়েছে, তাঁদের জন্য আমলকি তেল বিশেষ উপকারী বলে মনে করা হয়। এই তেল মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, ফলে চুলের গোড়া মজবুত হয় এবং নতুন চুল গজাতেও সহায়তা করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, যাঁদের চুল খুব বেশি শুষ্ক এবং রুক্ষ, তাঁরা নিয়মিত নারকেল তেল ব্যবহার করলে উপকার পাবেন। স্নানের আগে হালকা গরম নারকেল তেল মালিশ করলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন ভাল হয় এবং চুলের আর্দ্রতা বজায় থাকে।
আবার যাঁদের চুলের বাড়তি যত্ন প্রয়োজন, যেমন— অকালপক্বতা, চুল পড়া বা মাথার ত্বকের সমস্যার মতো বিষয় রয়েছে, তাঁদের জন্য আমলকি তেল বেশি কার্যকর হতে পারে। আমলকির উপাদান চুলকে বাইরের তাপ ও দূষণের ক্ষতি থেকেও রক্ষা করতে সাহায্য করে।
তবে অনেকেই এই দুই তেলের মিশ্রণও ব্যবহার করেন। নারকেল তেলের মধ্যে আমলকির টুকরো ফুটিয়ে ঘরোয়া উপায়ে তেল তৈরি করা যায়। এতে দু’টি তেলের গুণই একসঙ্গে পাওয়া সম্ভব।
চুল (Haircare) ভাল রাখতে শুধু তেল মাখলেই হবে না, তার সঙ্গে প্রয়োজন সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত জল খাওয়া এবং নিয়মিত যত্ন। তবে চুলের সমস্যা অনুযায়ী সঠিক তেল বেছে নিতে পারলে কেশচর্চা আরও কার্যকর হয়ে উঠতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
