Healthy Diet: পার্টি, পিকনিক, পায়েস—সব চলবে! শুধু মেনে চলুন শীতের এই সঠিক ডায়েট রুটিন

লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: শীতকাল এলেই অনেকেরই ওজন বাড়ার প্রবণতা দেখা যায়। কারণ ঠান্ডায় খিদে তুলনামূলক বেশি পায়, তার সঙ্গে থাকে পার্টি, পিকনিক আর গরম গরম নানা খাবারের আকর্ষণ। সারা বছরের অপেক্ষার পর নতুন গুড়ের পায়েস, পুলি–পিঠে, কেক–কুকিজ–এমনকি আড্ডার মাংস–স্ট্যুও বাদ যায় না। আবার ঠান্ডার কারণে সকালের বিছানা ছাড়তে ইচ্ছা করে না, ফলে ব্যায়ামও বেশিরভাগ দিনই বাদ পড়ে। সব মিলিয়ে কিছু দিনের মধ্যেই ওজন বেড়ে যায়। তবে ওজন নিয়ন্ত্রণে রাখতে কঠিন ডায়েট (Healthy Diet) বা খাবার বর্জন করার প্রয়োজন নেই। কিছু সহজ নিয়ম মেনে চললেই পার্টি–পিকনিকের আনন্দে ব্যাঘাত না ঘটিয়েও সুস্থ থাকা যায়।

আরও পড়ুন: Winter Diet: শীতে বার বার জ্বর–সর্দিতে কাবু? রোগ প্রতিরোধে প্রোটিন–সমৃদ্ধ কী খাবেন জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

সকালের শুরু কীভাবে করবেন?

ঘুম থেকে উঠে প্রথমেই ঈষদুষ্ণ জল খান। এর মধ্যে মধু ও লেবুর রস মিশালে শরীর ডিটক্সে সাহায্য করে। যাঁদের অম্বলের সমস্যা আছে, তাঁরা জিরে ভেজানো জল খেতে পারেন। পরের ধাপে আসে চা–কফির অভ্যাস। যদি খুব প্রয়োজন হয়, তবে দুধ ও চিনি ছাড়া কালো কফি বা গ্রিন টি বেছে নিন। দুধ-চিনি দেওয়া চা, ময়দার বিস্কুট এগুলি সম্পূর্ণ এড়িয়ে চলাই ভালো। কফি–চা না চাইলে বিকল্প হিসাবে ডবল–টোনড দুধ খাওয়া যেতে পারে।

সকালের খাবার হতে হবে ভারী ও পুষ্টিকর

প্রাতরাশ দিনের সবচেয়ে জরুরি খাবার। ওটস এই সময়ে খুব উপকারী। ডবল–টোনড দুধে ওটস দিয়ে পরিজ বানাতে পারেন, অথবা দইয়ের সঙ্গে ওটস মিশিয়ে তার ওপর মরসুমি ফলের টুকরো ছড়িয়ে খেতে পারেন।
যাঁরা নোনতা প্রাতরাশ পছন্দ করেন, তাঁদের জন্য রয়েছে ওটস দিয়ে বানানো অমলেট বা চিল্লা। ওটস গুঁড়ো করে তাতে গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি মিশিয়ে কম তেলে নন–স্টিক প্যানে ভেজে নিতে পারেন।
ওজন যদি অনেকটাই বেশি হয়ে থাকে, তবে দানাশস্যের বদলে শুধু সব্জি দিয়ে অমলেট বানিয়ে নেওয়াই ভালো।

দুপুরে কী খাবেন?

শীতের দুপুরের খাবার হালকা রাখাই উত্তম। এক কাপ সাদা ভাত বা রুটি, সঙ্গে কম তেল–মশলা দিয়ে রান্না করা সব্জি, এক বাটি ডাল, আর সঙ্গে চিকেন স্ট্যু বা হালকা মাছের ঝোল—এই কম্বিনেশন শরীরকে শক্তি দেয় আবার ভারীও করে না। স্যালাড অবশ্যই যোগ করুন।

রাতে হালকা ডায়েট (Healthy Diet) প্রয়োজন

রাতের খাবার হওয়া উচিত সবচেয়ে হালকা। ভাত বা রুটি না খেয়ে সেদ্ধ সব্জি, চিকেন স্যালাড, স্যুপ, পনির বা সয়াবিনের হালকা তরকারি খেতে পারেন। সব্জি মিশিয়ে বানানো স্যুপও খুব উপকারী। রাতে হজমে সুবিধা হয় এবং অম্বল কমে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole