নিউজপোল ব্যুরো: ভোটের আগে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় ঘটে যাওয়া বিস্ফোরণকাণ্ডের তদন্তে নতুন মোড় এল। দীর্ঘ খোঁজাখুঁজির পর অবশেষে তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ফের চর্চা শুরু হয়েছে।
তদন্ত সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) একটি দল শওকত মোল্লার জীবনতলার বাড়িতে পৌঁছয়। তবে সেখানে গিয়ে আধিকারিকরা দেখতে পান বাড়িতে তালা ঝুলছে। এরপর আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। তদন্তকারীরা তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। জিজ্ঞাসাবাদের জন্য তাঁর ছেলেকে কিছু সময়ের জন্য আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হয়।
এদিকে প্রাক্তন বিধায়ককে খুঁজে না পাওয়ায় তল্লাশি আরও জোরদার করা হয়। কিন্তু অবশেষে তদন্তের প্রায় ২৪ ঘণ্টা পর শুক্রবার রাতে তাঁকে আটক করা হয়। চিংড়িঘাটা সংলগ্ন এলাকায় তাঁকে আটক করে পুলিশ।
বিধানসভা ভোটের আগে দক্ষিণ বামুনিয়ায় একটি বিস্ফোরণে একজনের মৃত্যু এবং কয়েকজন আহত হওয়ার ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিতে পরবর্তীতে মামলার তদন্তভার নেয় NIA । তদন্তকারীদের দাবি, বিস্ফোরণের সঙ্গে জড়িত সম্ভাব্য বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই এই মামলায় একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তে আরও গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করা হচ্ছে। এখন নজর তদন্তের পরবর্তী ধাপে। জিজ্ঞাসাবাদে নতুন কোনও তথ্য উঠে আসে কি না, বিস্ফোরণকাণ্ডের সঙ্গে আর কারও নাম জড়ায় কি না এবং এই মামলার তদন্ত শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন নজর।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কঃ :– https://youtube.com/@newspolebangla
