নিউজ পোল ব্যুরো:দলবদলের পর থেকেই তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ধারাবাহিক সমালোচনার মুখে পড়ছেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee attacks Kalyan Banerjee)। ‘গদ্দার’সহ একাধিক মন্তব্যের পাল্টা জবাবে এবার সরাসরি কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে নিশানা করলেন তিনি। সংসদে তাঁদের আচরণ, ভাষা এবং রাজনৈতিক অবস্থান নিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন রচনা।
মহুয়া মৈত্রকে উদ্দেশ্য করে রচনা বলেন, “হাওয়ার্ডে পড়াশোনা করা একজন সাংসদের মুখে এই ধরনের ভাষা মানায় না। তাঁকে কেন একসময় সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল, তা সকলেই জানেন। যাঁকে অনেকেই সৎ বলে তুলে ধরার চেষ্টা করেন, তিনি মোটেই ধোয়া তুলসিপাতা নন।”
এরপর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় আচরণ নিয়েও তীব্র সমালোচনা করেন তিনি। রচনার অভিযোগ, “একজন প্রবীণ সাংসদ হয়ে সংসদের ভিতরে তিনি যে ধরনের ভাষা ব্যবহার করেছেন, তা যৌনপল্লীর ভাষার মতো। একজন মহিলা সাংসদকে উদ্দেশ্য করে এমন শব্দ প্রয়োগ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। এমনকি অন্য দলের সাংসদেরাও তাঁকে সতর্ক করেছিলেন যে, এই ধরনের আচরণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।”
এখানেই থেমে থাকেননি রচনা (Rachana Banerjee attacks Kalyan Banerjee)। তিনি আরও বলেন, “যাঁর বিরুদ্ধে একসময় এত তীব্র আক্রমণ শানানো হয়েছিল, আজ তাঁর সঙ্গেই একই গাড়িতে যাতায়াত করছেন। অথচ তাঁরাই আবার নীতি ও আদর্শের কথা বলেন। রাজনৈতিক অবস্থানের এই পরিবর্তন মানুষ দেখছেন এবং বিচারও করছেন।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole
প্রসঙ্গত, একসময় তৃণমূলের দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্রের প্রকাশ্য দ্বন্দ্ব রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছিল। একে অপরের বিরুদ্ধে প্রকাশ্য কটাক্ষ, পাল্টা অভিযোগ এবং থানায় অভিযোগ দায়ের—সব মিলিয়ে সম্পর্কের তিক্ততা প্রকাশ্যে এসেছিল। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। সেই প্রেক্ষাপটেই তাঁদের বর্তমান রাজনৈতিক অবস্থান ও পারস্পরিক সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলে ফের বিতর্কের কেন্দ্রে নিয়ে এলেন রচনা বন্দ্যোপাধ্যায়।
