Amit Shah:পুলিশ আধুনিকীকরণ, সীমান্ত নিরাপত্তা, নারী সুরক্ষা—রাজ্যের জন্য একাধিক নির্দেশ অমিত শাহের!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, মাদকবিরোধী অভিযান এবং পুলিশ প্রশাসনের আধুনিকীকরণকে কেন্দ্র করে রবিবার উচ্চপর্যায়ের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Saha)। বৈঠক সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট সমস্ত দফতরকে নির্ধারিত সময়সীমার মধ্যে গৃহীত সিদ্ধান্তগুলি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:Chalo Sansad:শর্তসাপেক্ষেই অনশন ভাঙবেন সোনম ওয়াংচুক, সংসদ অভিযানের আগের রাতে বড় বার্তা গীতাঞ্জলীর!

বৈঠকে রাজ্যের নিরাপত্তা কাঠামোকে আরও সুসংহত করতে অ্যান্টি-নারকোটিক্স টাস্ক ফোর্স (ANTF), অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (ATS) এবং জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)-এর ধাঁচে একটি স্পেশ্যাল ইনভেস্টিগেশন এজেন্সি (SIA) গঠনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

সন্ত্রাসবাদ ও বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (UAPA)-সংক্রান্ত রাজ্যের সমস্ত মামলার পূর্ণাঙ্গ পর্যালোচনার দায়িত্ব NIA-কে দেওয়ার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় সরকারি জমিতে অবৈধ দখলদারি চিহ্নিত করে দ্রুত উচ্ছেদ অভিযান চালানোর নির্দেশও দেওয়া হয়েছে।

গ্রামীণ এলাকার মহিলাদের নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘উইমেন আউটরিচ প্রোগ্রাম’ (Women Outreach Programme) চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়মিত প্রচার, সচেতনতামূলক কর্মসূচি এবং ক্ষমতায়নমূলক উদ্যোগের মাধ্যমে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

বৈঠকে পশ্চিমবঙ্গ পুলিশের আধুনিকীকরণ, পরিকাঠামোগত উন্নয়ন এবং জনবল বৃদ্ধির জন্য কেন্দ্রের তরফে প্রয়োজনীয় আর্থিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ ক্যাডার পুনর্বিন্যাস, দীর্ঘদিনের শূন্যপদ দ্রুত পূরণ এবং কনস্টেবল নিয়োগ প্রক্রিয়াকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশও জারি হয়েছে।

এছাড়াও, সিভিক ভলান্টিয়ারদের উপর নির্ভরতা ধাপে ধাপে হ্রাস, পুলিশ প্রশিক্ষণ ব্যবস্থার সার্বিক মূল্যায়ন এবং প্রশাসনিক প্রয়োজন অনুযায়ী রাজ্যের পুলিশ জেলার সংখ্যা যৌক্তিকভাবে পুনর্বিন্যাসের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole

মাওবাদী-প্রভাবিত অঞ্চলে অবস্থিত নিরাপত্তা শিবিরগুলির এক-তৃতীয়াংশকে পর্যায়ক্রমে ‘পাবলিক সার্ভিস সেন্টার’-এ রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে দুর্গম এলাকার সাধারণ মানুষ সহজে বিভিন্ন সরকারি পরিষেবা গ্রহণ করতে পারেন।

অমিত শাহের (Amit Saha) এই বৈঠকে সাইবার অপরাধ মোকাবিলায় রাজ্যের সক্ষমতা আরও বাড়ানো, মাদক পাচার রোধে নিয়মিত NCORD (Narco Coordination Centre) বৈঠক আয়োজন এবং আন্তঃসংস্থার সমন্বয় জোরদারের ওপরও গুরুত্ব আরোপ করা হয়েছে।

অন্যদিকে, বর্ষাকালীন জলাবদ্ধতা ও নগর বন্যা মোকাবিলায় কলকাতা মহানগরের জন্য একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদি ‘ইন্টিগ্রেটেড ফ্লাড ম্যানেজমেন্ট প্ল্যান’ প্রণয়নের নির্দেশও দেওয়া হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গিয়েছে।