নিউজ পোল ব্যুরো:ধর্মতলার ছাত্রমিছিল ঘিরে সংঘটিত অশান্তির ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের সোনাচুড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠান শোনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, ধর্মতলার ঘটনায় জড়িত দুষ্কৃতীদের একাংশ বিদেশি শক্তির মদতপুষ্ট হতে পারে। এই সম্ভাবনা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা বলেও জানান তিনি।
মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, ধর্মতলায় শিক্ষায় দুর্নীতি ও নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে আয়োজিত আন্দোলনের সঙ্গে ওই হামলাকারীদের কোনও সম্পর্ক নেই। তাঁর দাবি, আন্দোলনের আয়োজক ককরোচ জনতা পার্টি (সিজেপি) প্রকাশ্যেই জানিয়েছে যে, সাংবাদিকদের উপর হামলা এবং ভাঙচুরে জড়িতদের দায় তারা নেবে না। শুভেন্দুর কথায়, “যাঁরা প্রকৃত আন্দোলনের অংশ ছিলেন, তাঁরা এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে যুক্ত নন। সমাজমাধ্যমেও সিজেপি এই হামলার নিন্দা করেছে।”
সাংবাদিকদের উপর হামলার প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী জানান, ঘটনায় ইতিমধ্যেই সাতটি মামলা দায়ের হয়েছে, যার অধিকাংশই সাংবাদিকদের পক্ষ থেকে করা হয়েছে। পাশাপাশি পুলিশও স্বতঃপ্রণোদিত হয়ে একাধিক মামলা রুজু করেছে। তাঁর অভিযোগ, হামলাকারীরা ছাত্র নন; বরং তারা সংগঠিত দুষ্কৃতীচক্রের সদস্য এবং ইসলামিক মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে তাদের যোগাযোগ থাকতে পারে। এদের পিছনে কোনও বিদেশি শক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ মদত রয়েছে কি না, তা তদন্তকারীরা গুরুত্ব সহকারে খতিয়ে দেখছেন বলেও তিনি জানান।
ধর্মতলার ঘটনাকে কেন্দ্র করে সরকার আইনের শাসনের পথেই কঠোর ব্যবস্থা নেবে বলে স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, “আমাদের সরকার গুন্ডাদের বিরুদ্ধে আইনের মাধ্যমেই ব্যবস্থা নেবে। গত দশ সপ্তাহে রাষ্ট্রবাদী সরকার দুর্নীতি ও অপরাধ দমনে যে ধারাবাহিক পদক্ষেপ নিয়েছে, তারই প্রতিক্রিয়ায় কিছু শক্তি অশান্তির পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে।”
উল্লেখ্য, শিক্ষায় দুর্নীতি ও নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের আয়োজন করা হয়েছিল। বাম ছাত্রসংগঠনগুলির পাশাপাশি সিজেপি-র ডাকে বহু মানুষ ওই কর্মসূচিতে অংশ নেন। অভিযোগ, মিছিল চলাকালীন পুলিশের উপর হামলার চেষ্টা হয় এবং একাধিক সাংবাদিক আক্রান্ত হন। ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিধানসভাতেও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী এবং সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানান।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole
কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মোট ৭০ জন অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সাতটি পৃথক মামলা দায়ের হয়েছে এবং গুন্ডাদমন আইনও প্রয়োগ করা হয়েছে। শনিবার পর্যন্ত ১১ জন গ্রেফতার হলেও রবিবার আরও তিন জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে বাকি ব্যক্তিদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
