দক্ষিণবঙ্গে শুধু ঘাম আর অস্বস্তি, উত্তরে অতি ভারী বৃষ্টি! আগামী রবিবার পর্যন্ত বৃষ্টির অপেক্ষায় তিলোত্তমায় চাতক পাখির দশা

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজপোল ব্যুরো: দক্ষিণবঙ্গের কপাল পুড়েছে আর্দ্রতাজনিত অস্বস্তিতে, আর উত্তরবঙ্গ ভিজতে চলেছে অতি ভারী বৃষ্টির দাপটে। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার পর্যন্ত তিলোত্তমা কলকাতায় তেমন ভারী বৃষ্টির কোনো লক্ষ্মণ নেই। মাঝেমধ্যে দু-এক পশলা ঝিরঝিরে বা হালকা বৃষ্টি হলেও তা দিয়ে অস্বস্তি কমার কোনো আশা নেই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ মারাত্মক বেশি থাকায় পারদ খুব বেশি না চড়লেও ঘামে ভিজতে হবে কলকাতা ও সংলগ্ন এলাকাকে। তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টির দাপট বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আবহাওয়াবিদরা।

উত্তরবঙ্গে যেন একনাগাড়ে দুর্যোগের মেঘ ঘনীভূত হচ্ছে। আজ বৃহস্পতিবার থেকেই উত্তরবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে শুরু হয়ে গিয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, রবিবার ও সোমবার পরিস্থিতি আরও মারাত্মক হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির কারণে জারি করা হয়েছে কমলা বা ‘অরেঞ্জ’ অ্যালার্ট।

টানা এই বর্ষণের জেরে পাহাড়ি এলাকায় নতুন করে ধস নামার চরম আশঙ্কার কথা জানিয়েছে প্রশাসন। নদীগুলির জলস্তর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তিস্তা, তোর্সা, জলঢাকা ও রাইডাকের মতো প্রধান নদীগুলোতে জল বিপদসীমা ছুঁতে পারে, যা সমতলের নিচু এলাকা প্লাবিত করার পাশাপাশি চাষবাসের মারাত্মক ক্ষতি করতে পারে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য কিছুটা আশার আলো কেবল পরের সপ্তাহে। মঙ্গলবার থেকে বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। তার আগে পর্যন্ত বৃষ্টির জন্য চাতক পাখির মতো চেয়ে থাকা ছাড়া আর উপায় নেই।