নিউজপোল ব্যুরো: ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের মহান আনন্দে জল ঢালতে একদম তৈরি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সংলগ্ন এলাকার ওপর ঘাঁটি গেড়ে থাকা গভীর নিম্নচাপ। আনন্দ-উৎসবের আবহেই রাজ্যজুড়ে প্রবল দুর্যোগের আগাম সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদদের শেষ বুলেটিন অনুযায়ী, শক্তিশালী এই নিম্নচাপটি এই মুহূর্তে মেদিনীপুর, পুরুলিয়া ও ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে এবং তা ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এর জেরেই শনিবার স্বাধীনতা দিবসের দিন উত্তর ও দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির জন্য ‘হলুদ সতর্কতা’ (Yellow Alert) জারি করা হয়েছে।
শুক্রবার থেকেই রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। বিশেষ করে উপকূলীয় ও পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যেই অতি ভারী বৃষ্টির ‘কমলা সতর্কতা’ (Orange Alert) বহাল রাখা হয়েছে। ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান— দক্ষিণবঙ্গের এই ৬টি জেলায় দিনভর ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পাশাপাশি, অন্য সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে কালবৈশাখীর মতো ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। সমুদ্রে প্রবল উত্তাল পরিস্থিতির কারণে মৎস্যজীবীদের শনিবার পর্যন্ত বঙ্গোপসাগরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও দুর্যোগের তীব্রতা কম থাকছে না। দার্জিলিং এবং জলপাইগুড়িতে শনিবারের জন্য ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। তবে আবহাওয়াবিদদের আসল উদ্বেগ বাড়াচ্ছে রবি ও সোমবারের পূর্বাভাস! ওই দু’দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে। আগামী বুধবার পর্যন্ত পাহাড় থেকে সমতল— গোটা উত্তরবঙ্গেই থেমে থেমে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির আমেজ বজায় থাকবে।
সব মিলিয়ে, ৭৯তম স্বাধীনতা দিবসের সকালে পাতাক উত্তোলনের অনুষ্ঠানে বৃষ্টির কারণে বিঘ্ন ঘটার প্রবল সম্ভাবনা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা মাথায় রেখে সাধারণ মানুষকে বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয় থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। স্বাধীনতা দিবসের বিশেষ দিনে ছাতা আর রেইনকোটসঙ্গী করেই রাজ্যবাসীকে জাতীয় উৎসব পালনে প্রস্তুত হতে হচ্ছে।
