Agnimitra Pal:’রাস্তায় থুতু ফেললে জরিমানা দিয়েই রেহাই নয়, পরিষ্কারও করতে হবে’ বড় বার্তা অগ্নিমিত্রার!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:শহরের রাস্তাঘাটে যেখানে-সেখানে থুতু ফেলার প্রবণতা রুখতে এবার আরও কড়া পদক্ষেপের বার্তা দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Pal)। তাঁর স্পষ্ট বক্তব্য, রাস্তায় থুতু ফেলে শুধু জরিমানা দিয়েই দায় সেরে ফেলার সুযোগ আর থাকবে না। যে ব্যক্তি রাস্তায় থুতু ফেলবেন, তাঁকেই সংশ্লিষ্ট জায়গা পরিষ্কার করতে হবে। প্রয়োজনে সেই পরিষ্কারের ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ করে নাগরিক সচেতনতার বার্তাও দেওয়া হতে পারে।

আরও পড়ুন:১৬ বছরের প্রতীক্ষার অবসান, বাংলার মাটিতে এবার তেলের খনি! অশোকনগরে ২৩৯৬ মিটার নিচ থেকে কাঁচা তেল উত্তোলনে ওএনজিসির মেগা ধামাকা

বালিগঞ্জ থানার একটি রক্তদান শিবিরে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন অগ্নিমিত্রা। সেখানেই শহরের পরিচ্ছন্নতা, নাগরিক দায়িত্ব এবং জনসচেতনতা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দেন তিনি।

অগ্নিমিত্রার বক্তব্য, শুধু প্রশাসন বা পুরসভার উদ্যোগে একটি শহরকে সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নাগরিকদেরও সমানভাবে দায়িত্বশীল হতে হবে। তাঁর কথায়, ‘‘রাস্তায় থুতু ফেললেন, জরিমানা দিয়ে দিলেন—ভাবলেন, কিছু টাকা দিয়ে দিলেই দায়িত্ব শেষ। কিন্তু সেটা হবে না। যিনি থুতু ফেলবেন, তাঁকে দিয়েই সেই জায়গা পরিষ্কার করানো হবে। প্রয়োজনে সেই ভিডিয়ো তুলে সমাজমাধ্যমে প্রকাশ করা হবে।’’

শুধু রাস্তায় থুতু ফেলার ক্ষেত্রেই নয়, শহরে প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধেও আরও কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Pal)। একই সঙ্গে বাড়ি এবং বাড়ির আশপাশে পরিচ্ছন্নতা বজায় রাখা, কোথাও জল জমতে না দেওয়ার উপরেও জোর দেন তিনি।

ডেঙ্গি প্রতিরোধ নিয়েও শহরবাসীকে সতর্ক করেন অগ্নিমিত্রা। তাঁর মতে, মশাবাহিত রোগ মোকাবিলায় প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতাও অত্যন্ত জরুরি। তিনি বলেন, ‘‘সরকারের একার পক্ষে কিছু করা সম্ভব নয়। মানুষকে সচেতন হতে হবে।’’

শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে সারা বছর কাজ করে যাওয়া পুরকর্মীদেরও প্রশংসা করেন মন্ত্রী। তাঁর মতে, শহরবাসীকে পরিষেবা দিয়ে যাওয়া পুরকর্মীরাই প্রকৃত অর্থে শহরের ‘হিরো’। তাঁদের পরিশ্রমকে সম্মান জানাতে হলে নাগরিকদেরও রাস্তাঘাট নোংরা না করে দায়িত্বশীল আচরণ করতে হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole

শহরের স্বচ্ছতা এবং নাগরিক পরিষেবার মান আরও উন্নত করতে পুরসভা, মেট্রো কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান অগ্নিমিত্রা। তাঁর বার্তা, পরিচ্ছন্ন শহর গড়ার দায়িত্ব শুধু প্রশাসনের নয়—প্রশাসন এবং নাগরিকদের সম্মিলিত উদ্যোগেই সেই লক্ষ্য পূরণ করা সম্ভব।