Royal Bengal Tiger: বাঘ দেখার আশায় সুন্দরবনমুখী পর্যটকরা, এক বছরে বাঘের দেখা মিলেছে ১২৮ বার

ভ্রমণ

নিউজ পোল ব্যুরো: সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন পাওয়া ভগবানের দর্শন পাওয়ার মত হয়ে গেছে। পর্যটকরা সৌভাগ্যের অধিকারী না হলে বাঘ বাবাজীর দেখা পাওয়া যায়না। শুধু জঙ্গল, কুমির, সুন্দরী গাছ এসব দেখেই বাড়ি ফিরে আসতে হয় পর্যটকদের। তবে ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হচ্ছে। এখন নাকি প্রায়ই সুন্দরবনের জঙ্গল বা নদীর তীরবর্তী এলাকায় বাঘের দেখা মিলছে। সুন্দরবন টাইগার রিজার্ভের বার্ষিক রিপোর্ট অনুযায়ী ২০২৫-২৬ সালে প্রায় ১২৮ বার বাঘের দেখা মিলেছে। এছাড়াও আশেপাশের এলাকায় ৭০০ এর থেকে বেশি বার বাঘের পায়ের ছাপ দেখা গেছে।

আরও পড়ুন: Netarhat Jharkhand:শহরের কোলাহল থেকে দূরে, মেঘ-পাহাড়ে ঘেরা অচেনা নেতারহাট!

মূলত শীতের দিকেই রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন বেশি মাত্রায় পাওয়া যায়। অর্থাৎ অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে সুন্দরবন যাওয়াই পর্যটকদের জন্য সবচেয়ে আদর্শ সময় হতে পারে। এই সময় প্রায়ই শাবক সহ বাঘের দেখা মেলে। অনেকসময় নদী পারাপার হয়ে এক দ্বীপ থেকে আরেক দ্বীপ যাত্রা করতে দেখা যায়। পর্যটকদের মধ্যে অনেকেই ক্যামেরাবন্দি করেছেন এমন বহু বিরল দৃশ্য।

বাঘের দর্শনের এমন হার দেখে আশা জেগেছে বনকর্তাদের মনে। শেষ সরকারি রিপোর্টে দেখা গিয়েছিল সুন্দরবনে বাঘের সংখ্যা ১০১। তবে বর্তমানে এমন ঘন ঘন দর্শনের হার দেখে অনুমান করা হচ্ছে সেই সংখ্যা ১১০ এ পৌঁছেছে। তবে চূড়ান্ত রিপোর্ট এখনও প্রকাশিত না হওয়ায় বাঘের সংখ্যা আসলে ঠিক কত তা ঠিকভাবে জানা যাচ্ছেনা। তবে এই ঘটনায় শুধু বনকর্তারা খুশি নন, হাসি ফুটেছে পর্যটকদের মুখেও। অনেকেই ব্যাগ গুছিয়ে ৩-৪ দিনের জন্য সুন্দরবনের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন ইতিমধ্যেই।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole