নিউজপোল ব্যুরো: রাজ্যের বিএড (B.Ed) কলেজগুলির পরিকাঠামো নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। শিক্ষা দফতরের পর্যালোচনায় দেখা গিয়েছে, বেশ কিছু কলেজের কাগজে-কলমে অস্তিত্ব থাকলেও বাস্তবে সেই কলেজের কোনও চিহ্ন নেই। কোথাও গিয়ে পাওয়া গিয়েছে তালাবন্ধ ভবন, আবার কোথাও কলেজের ঠিকানা হিসেবে দেওয়া হয়েছে ফ্ল্যাটের ড্রয়িং রুম।
এই পরিস্থিতি নিয়ে কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই ৪৫০-এর বেশি বিএড কলেজকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে। নির্দিষ্ট ১০০ নম্বরের মাপকাঠিতে কলেজগুলির পরিকাঠামো, শিক্ষক উপস্থিতি এবং পড়াশোনার পরিবেশ পরীক্ষা করা হয়েছে। সেখানে কলেজগুলির গড় নম্বর মাত্র ৫১.৫ শতাংশ।
আরও দেখুন :-ববি হাকিমের দুই সংস্থায় বিশেষ কমিশনের হানা, খতিয়ে দেখা হচ্ছে নথি
পরিদর্শনে গিয়ে ৫৩টি বিএড কলেজের কোনও বাস্তব অস্তিত্বই পাওয়া যায়নি। আরও ১৭টি কলেজের ঠিকানা হিসেবে ফ্ল্যাট বা ড্রয়িং রুমের তথ্য সামনে এসেছে। অভিযোগ, একই ভবনে সাইনবোর্ড বদলে একাধিক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান চালানোর ঘটনাও রয়েছে।
সমীক্ষায় মোট ২৬৫টি কলেজকে ‘অচল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ১১৪টি কলেজ ১০০-র মধ্যে ৩০-এর কম নম্বর পেয়েছে। আরও ১২১টি কলেজের পরিকাঠামো অত্যন্ত দুর্বল।
তবে ১৫১টি কলেজ তুলনামূলকভাবে ভালো ফল করেছে। শিক্ষা দফতরের রিপোর্টের পর পরিকাঠামোহীন ও নিয়মভাঙা বিএড কলেজগুলির বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপের ইঙ্গিত মিলেছে।
