নতুন বাস থেকে হেল্পলাইন, অ্যাপ-ক্যাব থেকে টোটো—পরিবহণে একগুচ্ছ সিদ্ধান্ত

জেলা রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: রাজ্যের গণপরিবহণ ব্যবস্থা আরও ভালো করতে একগুচ্ছ নতুন সিদ্ধান্ত নিল পরিবহণ দফতর। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং।

সরকারি বাস নিয়ে যাত্রীদের অভিযোগের সমাধানে চালু করা হয়েছে কন্ট্রোল রুম। বাসস্টপে বাস না থামা বা অন্য কোনও সমস্যা হলে যাত্রীরা নির্দিষ্ট হেল্পলাইন নম্বরে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

বাস পরিষেবা বাড়ানোর দিকেও জোর দেওয়া হয়েছে। আগামী দুর্গাপুজোর আগে নতুন এসি ও নন-এসি বাস রাস্তায় নামানোর পরিকল্পনা রয়েছে। আগামী বছরের মার্চের মধ্যে প্রায় ১,০০০টি নতুন সরকারি বাস চালুর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন বাস রুট চালু এবং পুরনো রুটে পরিষেবা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও দেখুন :-ডিগ্রি আছে, কলেজ নেই! B.Ed নিয়ে বড়সড় প্রশ্নের মুখে শিক্ষা ব্যবস্থা

সরকারি বাসে নজরদারি বাড়াতে বডি ক্যামেরা ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। এর ফলে বাসে যাত্রী পরিষেবা আরও নজরদারির মধ্যে থাকবে। এছাড়াও টোটোর পরিবর্তে ই-রিকশা, জাতীয় ও রাজ্য সড়কে ই-রিকশা নিয়ন্ত্রণ এবং অ্যাপ-ক্যাব পরিষেবা নিয়ে নতুন নিয়ম করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ক্যাবের ভাড়া পুনর্বিন্যাস নিয়েও আলোচনা হয়েছে।

অন্যদিকে, রাজ্যে ৩,৬২,৬২২টি গাড়ির প্রায় ১,৫৮৯ কোটি টাকা কর বকেয়া রয়েছে। সেই বকেয়া কর আদায়ে বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর।