নিউজপোল ব্যুরো: শতাব্দীপ্রাচীন কলকাতার গালিফ স্ট্রিটের সখের হাটে এবার বেআইনি পোষ্য বিক্রিতে লাগাম। পাখি, মাছ, কুকুরছানা-সহ বিভিন্ন ধরনের পোষ্য বেআইনিভাবে বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বুধবার এই নির্দেশ দেওয়ার পর রবিবার থেকেই তা কার্যকর করার কথা ছিল। সেই মতো এদিন সকাল থেকে গালিফ স্ট্রিটের সখের হাটে নজরদারি চালায় কলকাতা পুলিশ ও শুল্ক দফতরের আধিকারিকরা।
আদালতের নির্দেশকে সামনে রেখে বাজারজুড়ে শুরু হয়েছে সচেতনতা প্রচার। ‘বাগবাজার সখের হাট ওয়েলফেয়ার’ সমিতির পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। পাশাপাশি হাটের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে ব্যানার। ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে, কলকাতা পুরসভার বৈধ ট্রেড লাইসেন্স থাকা বাধ্যতামূলক।
আরও দেখুন:-শুটিংয়ে বাজিমাত, এশিয়ান গেমসে ভারতের প্রথম পদক
হাটের সদস্য অমর চক্রবর্তী জানান, তাঁদের সদস্য সংখ্যা ৭০০-রও বেশি। দীর্ঘদিন ধরে এই ঐতিহ্যবাহী বাজারে ব্যবসা চলছে। তাঁর দাবি, একসময় সরকারই তাঁদের এখানে বসার অনুমতি দিয়েছিল। তবে বর্তমানে ট্রেড লাইসেন্স সংক্রান্ত নিয়মের কারণে বহু ব্যবসায়ী সমস্যায় পড়েছেন। আদালতের নির্দেশ তাঁরা মেনে নিয়েছেন বলেও জানান তিনি।
ফলে শতাব্দীপ্রাচীন এই সখের হাটে এবার বেআইনি পোষ্য ব্যবসা বন্ধের পাশাপাশি নিয়ম মেনে ব্যবসা চালানোর নতুন অধ্যায় শুরু হতে চলেছে।
