হঠাৎ কেঁপে উঠল রাজধানী! দিল্লি-সহ একাধিক রাজ্যে অনুভূত ৪.৯ মাত্রার ভূমিকম্প

breakingnews দেশ

নিউজপোল ব্যুরো:   ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি। রাতের শুরুতেই আচমকা কম্পন অনুভূত হয় দিল্লি-সহ উত্তর ভারতের একাধিক এলাকায়। কয়েক মুহূর্তের এই ঝাঁকুনিতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। দিল্লির পাশাপাশি নয়ডা ও গুরুগ্রামেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির সর্বশেষ তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৪.৯। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৩ কিলোমিটার গভীরে ছিল এর উৎসস্থল। হিমাচল প্রদেশ, পঞ্জাব এবং হরিয়ানার বিভিন্ন এলাকাতেও কম্পন টের পাওয়া যায়। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, অল্প সময়ের জন্য হলেও স্পষ্টভাবে মাটি কেঁপে উঠতে অনুভূত হয়েছে।

প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৪.৪ বলে জানানো হয়েছিল। পরে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির আপডেটেড তথ্যে মাত্রা ৪.৯ বলে উল্লেখ করা হয়। তবে এখনও পর্যন্ত ভূমিকম্পের জেরে কোনও প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি র খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী ৬অক্টোবর আফগানিস্তানে যে ভূমিকম্প হয়েছিল রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৩.২।সেই কম্পন শ্রীনগর , জম্মু ও কাশ্মীরের সংলগ্ন এলাকায় অনুভূত হয়।