নিউজপোল ব্যুরো:বিক্ষোভের আঁচ এবার পৌঁছে গেল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বাসভবনের দোরগোড়ায়। SIR নিয়ে বিরোধীদের লাগাতার আন্দোলনের মধ্যেই তাঁর নিরাপত্তা আরও জোরদার করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। দিল্লির পাশাপাশি তাঁর বাসভবন এবং নির্বাচন কমিশনের দফতরের বাইরেও বাড়ানো হয়েছে নিরাপত্তার বহর।
পরিস্থিতি কতটা স্পর্শকাতর, তা স্পষ্ট হয়েছে দিল্লির নিউ মোতিবাগ কলোনির ঘটনায়। অভিযোগ, কয়েকজন বিক্ষোভকারী ওই আবাসন এলাকায় ঢোকার চেষ্টা করেছিলেন। তাঁরা জ্ঞানেশ কুমারের বাড়ির কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন বলেও জানা গিয়েছে। এরপরই আবাসনের নিরাপত্তা ব্যবস্থা নতুন করে খতিয়ে দেখে আধা সামরিক বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়।
শুধু দিল্লিতেই নয়, আগ্রাতেও বিক্ষোভের মুখে পড়েছিল মুখ্য নির্বাচন কমিশনারের বাসভবন। তাঁর বাড়ির বাইরে বিক্ষোভের পর নিরাপত্তা নিয়ে নতুন করে সতর্ক হয় প্রশাসন। বাড়ির সামনে একাধিক পুলিশ পিকেট বসানোর পাশাপাশি জ্ঞানেশ কুমারের যাতায়াতের ক্ষেত্রেও নিরাপত্তা আরও কড়া করা হয়েছে।
এমনিতেই Z+ নিরাপত্তার আওতায় রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। এই নিরাপত্তা ব্যবস্থায় ৫৫ জনের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন থাকেন। আধা সামরিক বাহিনীর পাশাপাশি দিল্লি পুলিশের সদস্যরাও থাকেন। এছাড়াও সারাক্ষণ তাঁর সঙ্গে থাকেন ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিক।
অন্যদিকে, SIR-এর প্রতিবাদে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধীদের আন্দোলন আরও বৃহৎ আকার নিয়েছে।মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন আরও জোরালো করার প্রস্তুতি নিচ্ছে বিরোধী শিবির। কংগ্রেস সাংসদ কে সুরেশ স্পষ্ট করেছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিবাদ থেকে পিছু হটার প্রশ্ন নেই। এবার পরবর্তী কর্মসূচি নিয়ে ইন্ডিয়া জোটের নেতারা আলোচনায় বসবেন। সেই বৈঠকের পর রাহুল গান্ধী-সহ একাধিক বিরোধী নেতার নেতৃত্বে ফের দিল্লিতে বড় আন্দোলনের সম্ভাবনা রয়েছে।
